অবৈধ পাইলিংয়ের কারণে গ্যাস পাইপলাইনে লিকেজ সৃষ্টি হওয়ায় ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতকাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে লিকেজের সৃষ্টি হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।
মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
কেকে/ এসএমএন