রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের একজনের বাসা লালমাটিয়ার এনএইচএ বিল্ডিংয়ের দোয়েল টাওয়ারে।
গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
মোহাম্মদপুর থানা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ, লোক সংগ্রহ এবং মিছিল আয়োজনের জন্য অর্থ দিয়ে সহায়তা করতেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে মোহাম্মদপুর এলাকায় আরও চারজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারাও বর্তমানে মোহাম্মদপুর থানায় আটক রয়েছেন।
কেকে/সাশ