বাংলাদেশ সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ক’জনা’।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে সংগঠনটির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ক’জনা’ সংগঠনের পক্ষ থেকে আমাকে যে সম্মাননা ও ভালোবাসা দেওয়া হয়েছে, তার জন্য সংগঠনের সভাপতি, সদস্যসচিবসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আনন্দের পাশাপাশি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। কোনো পদ-পদবি ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং মানুষের জন্য কাজ করার সুযোগ। এ দায়িত্বের মাধ্যমে পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন।’
‘আমরা ক’জনা’ সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সংগঠনটির সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও সংগঠনটির জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’
সংগঠনটির সভাপতি লায়ন এ কে এম ফজলুল হক বলেন, ‘আনোয়ার হোসেনের এ অর্জন মিরপুরের জন্য গর্বের বিষয়।’ তার নেতৃত্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যাশা করেন তিনি। শ্রমিকদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের বক্তব্যে আনোয়ার হোসেন তার রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় সহযোগিতার জন্য বড় ভাই, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সংগঠনের সদস্যসচিব আব্দুল আজিজ বেপারির সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তার কাছ থেকেই পরিবহন খাতের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু শিখেছেন।
তিনি আরও বলেন, ‘পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা তাদের কল্যাণেই ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনটির সদস্যসচিব আব্দুল আজিজ বেপারি বলেন, ‘আনোয়ার হোসেন মিরপুরের কৃতী সন্তান। তিনি একজন সাবেক ফুটবলার, রাজনীতিবিদ ও সমাজসেবক। তার এ অর্জনে ‘আমরা ক’জনা’ পরিবার আনন্দিত ও গর্বিত।’ পরিবহন শ্রমিকদের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি লায়ন একেএম ফজলুল হক, সদস্যসচিব আব্দুল আজিজ বেপারি, কোষাধ্যক্ষ ও সাংবাদিক এএসএম বিপুসহ সংগঠনের সদস্য এবং পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন