মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
নির্বাচন ও ইসি
গণভোটের প্রচারে উপদেষ্টারা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ এএম আপডেট: ২০.০১.২০২৬ ৪:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

সোমবার (১৯ জানুয়ারি) বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে তারা বলেছেন, গণভোট মানে নতুন ব্যবস্থা এবং সব রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্যই গণভোট আয়োজন। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর না চাইলে এতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে নিপীড়ন, দুর্নীতি, অবিচার, অন্যায়, লুটপাট, জুলুমের ঠাঁই হবে না।

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে সংস্কার, ‘হ্যাঁ’ ভোট মানে দুর্নীতিমুক্ত সমাজ ও উন্নত রাষ্ট্র। তাই সবাইকে গণভোটে অংশ নিতে হবে। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় তিনি এ আহ্বান জানান।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার যদি আর না চান, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, জনগণের সুবিধার জন্য এই গণভোট আয়োজন করা হচ্ছে।”

দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিসংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে গণভোট বিষয়ে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন আসিফ নজরুল।

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েই সেই অবস্থান স্পষ্ট করবে।” কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সংস্কার, পরিবর্তন এবং বিচারব্যবস্থা ভালো দেখতে চাইলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।’ টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এ আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ‘গণভোট কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এ ভোট দেশের জন্য।’ রংপুর শহরে ভোটের গাড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘গণভোটের ইতিবাচক ফলাফলই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে।’ জয়পুরহাট সদর উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা যদি আমাদের সন্তানের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্যই গণভোটের আয়োজন।’ পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এদিকে রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “গণভোটের ‘হ্যাঁ’ ভোটের সঙ্গে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। এসব মিথ্যা প্রচারণা ছাড়া কিছু নয়।” মৌলভীবাজার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণভোট   নির্বাচন   হ্যাঁ   না   
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close