মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
গণমাধ্যম
বকেয়া বেতন-ভাতার দাবিতে জনকণ্ঠকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বকেয়া বেতন-ভাতা ৪৮ ঘণ্টার মধ্যে না পেলে জনকণ্ঠ ভবন ঘেরাও কর্মসূচি করবে সেখানকার সাংবাদিকরা। মালিকপক্ষের ‘প্রতারণার’ অভিযোগে মানববন্ধনে ফুঁসে উঠলেন সাংবাদিক-কর্মচারীরা।

দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের দাবিতে রাজপথে নামলেন দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে তারা হুঁশিয়ারি দিয়েছেন—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাওনা পরিশোধ না হলে জনকণ্ঠ ভবন ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জনকণ্ঠ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শতাধিক সাবেক ও বর্তমান সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা প্রথমবার গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বরাবর ২০২৪ সালের ৫ জানুয়ারি চিঠি দেন। এরপর ২০২৪ সালের ১ অক্টোবর, ১৩ নভেম্বর (তথ্য উপদেষ্টার কাছে), ২০২৫ সালের ২ মার্চসহ একাধিকবার নির্দিষ্ট সময় বেঁধে চিঠি দেওয়া হলেও মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বক্তারা আরও বলেন, “প্রতিষ্ঠান বাঁচুক, আমরাও বাঁচি”—এই চেতনা থেকে তারা বিপুল পরিমাণ ন্যায্য পাওনা ছাড় দিয়ে মালিকপক্ষের মনোনীত প্রতিনিধির সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন। কিন্তু সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মালিকপক্ষ প্রতারণা করেছে। হাতে গোনা কয়েকজনকে চেক দেওয়া হলেও অনেক ক্ষেত্রে চেক নগদায়নে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তারা জানান, সর্বশেষ গত বছরের ৩১ আগস্ট আবারও চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে সব পাওনা পরিশোধের আল্টিমেটাম দেওয়া হয়। সে সময় জনকণ্ঠ পত্রিকার মালিক শামীমা এ খান দ্রুত পাওনা পরিশোধের আশ্বাস দিলেও চার মাস পার হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা হলে জনকণ্ঠ ভবন ঘেরাও, জনকণ্ঠ পত্রিকার মালিকের বাসভবন ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক জাকির হোসেনকে অপসারণের দাবিও জানানো হয়।

বক্তাদের অভিযোগ, বর্তমান ব্যবস্থাপনার ব্যর্থতার কারণেই সাংবাদিক ও কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ধন্যবাদ জানান বক্তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিক-কর্মচারীরা বলেন, সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলা গণমাধ্যমকর্মীরা আজ নিজেদের ন্যায্য পাওনা আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কবি ও গীতিকার নাসির আহমেদ, দৈনিক জনকণ্ঠের সাবেক ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সাবেক বিজনেস ইনচার্জ রহিম শেখ এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের সাবেক উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বকেয়া বেতন-ভাতার দাবি   জনকণ্ঠ   আল্টিমেটাম সাংবাদিকদের  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close