মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
নির্বাচন ও ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ভোট ঘিরে কালো টাকার ছড়াছড়ি
খোলা কাগজ প্রতিবেক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৪:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তার ঠিক আগের দিন নিয়ম বর্হিভূতভাবে অর্থের ছড়াছড়ি চোখে পড়েছে। এর আগে নির্বাচন কমিশন মোবাইল ব্যাংকিং, ব্যাংকের ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন আর্থিক লেনদেন সীমিত করেছে। এরপরও ইসির নির্দেশনা অমান্য করে বড় অংকের অর্থ বহন ও ভোটারদের মাঝে টাকা বিলি করার মতো অনিয়মগুলো দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করেছে। এসব ঘটনাকে অবৈধভাবে ভোট টানার কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক, কুমিল্লায় ২ লাখ টাকাসহ ইউনিয়ন জামায়াতের আমির আটক ও চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ ‘স্বতন্ত্র প্রার্থীর’ মাইক্রোবাস জব্দ হওয়ার বিষয়টি সবার নজরে এসছে। 

এর আগে জামায়াত নেতা ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির হকারকে টাকা দেওয়ার বিষয়টিও নজর এড়ায়নি। এছাড়া গত ২৮ জানুয়ারি টাঙাইলের ভূঞাপুরে নির্বাচনি প্রচারণাকালে ভোটারদের মাঝে জামায়াত নেতাদের টাকা বিলি করার ২৮ সেকেন্ডর একটা ভিডিও ভাইরাল হয়েছে।

নির্বাচনের আগ মুহুর্তে এসব ঘটনাকে কালো টাকার ছড়াছড়ি বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, ভোটের আগে এসব ঘটনা সাধারণ মানুষের মাঝে নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এসন ঘটনা উৎসবমুখর পরিবেশ নষ্টের কারণ হতে পারে।

জানতে চাইলে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘এ ধরনের ঘটনা জামায়াতের ভাবমূর্তি নষ্ট করেছে। একইসঙ্গে ভোটের পরিবেশ নষ্ট করেছে। ভোটের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে।’

এমন ঘটনায় জেন-জি ভোটাররা বলছে, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে স্বচ্ছ ভোটিং ব্যবস্থা চেয়েছি। কিন্তু এভাবে কালো টাকার ছড়াছড়ি আমাদেরকে হতাশ করেছে। যেখানে নির্বাচনের টাকার ছড়াছড়ি—সেখানে নির্বাচনের পর যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা বিনষ্টের পথে।

৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার বেলা ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে। 

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।

কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন তারা। আটক ব্যক্তির নাম মাওলানা হাবিবুর রহমান হেলালি। তিনি ইউনিয়ন জামায়াতের আমির। বুধবার দুপুরের দিকে মুরাদনগরের চালিয়াকান্দি থেকে তাকে আটক করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের কাছে টাকা বিতরণে যাচ্ছিলেন মাওলানা হাবিবুর রহমান। পরে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান। 

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, দুই লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালিকে স্থানীয়রা আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করে। সেখান থেকে তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি রায় দেন তা পরে জানা যাবে।

চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ ‘স্বতন্ত্র প্রার্থীর’ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস (নোয়া) জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান এ ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। রিটার্নিং কর্মকর্তা এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করতে বলেছেন বলে সেনাবাহিনী জানায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী নামে এক প্রার্থী রয়েছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে মিজানুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি সাড়া না দেওয়া তার বক্তব্য জানা সম্ভব হয়নি। চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রাজীব হোসেনকেও ঘটনার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয়। তিনিও কল রিসিভ করেননি।

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  ভোট ঘিরে কালো টাকা   কালো টাকার ছাড়াছড়ি   ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close