মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      
খেলাধুলা
লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৫১ এএম
মোহামেদ সালাহ

মোহামেদ সালাহ

মিশরের তারকা ফুটবলার মোহামেদ সালাহকে ঘিরে পুরো মৌসুমজুড়েই লিভারপুল ছাড়ার জোর গুঞ্জন ছিল। যদিও ২০২৫ সালে তিনি ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন। তবুও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক কিছুটা দূরত্বপূর্ণ হয়ে ওঠে। টানা কয়েক ম্যাচে বেঞ্চে বসে থাকার পর হতাশা প্রকাশ করে সালাহ মন্তব্য করেছিলেন, ‘আমাকে যেন বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।’ শেষ পর্যন্ত সেই টানাপোড়েনের ইতি টেনে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

গতকাল (মঙ্গলবার) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই কিংবদন্তি ফুটবলার। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ বলছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে, এটি আমার বিদায়ের প্রথম পর্ব। এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।’

মাঠের সময়টাও কঠিন যাচ্ছিল সালাহ’র জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ১০ গোল, যা অ্যানফিল্ড অধ্যায়ে তার কোনো সর্বনিম্ন স্কোর হতে যাচ্ছে। কোচের সঙ্গে বিরোধ তৈরির পর অবশ্য মনে করা হচ্ছিল মৌসুমের মাঝপথে জানুয়ারিতেই এই আফ্রিকান তারকা ক্লাব ছাড়তে পারেন। সেই সময়টা কেবল কিছুটা পিছিয়েছে, অর্থাৎ মৌসুম শেষেই চূড়ান্ত বিদায়টা নেবেন তিনি। যদিও এখনও সালাহ’র পরবর্তী গন্তব্য অনিশ্চিত। 

বিদায় ঘোষণার ভিডিও’র শুরুতেই বছরের পর বছর ধরে লিভারপুলের হয়ে রেকর্ড-ভাঙা পারফরম্যান্স ও ট্রফি জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সালাহ’র কিংবদন্তিতে পরিণত হওয়ার মুহূর্ত দেখানো হয়। এরপর তিনি বলতে থাকেন, ‘শুরুটা করতে চাই এই বলে যে…এই ক্লাবটি হৃদয়ের কতটা গভীরে স্থান নিয়েছিল তা কখনও কল্পনা করিনি। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাবই নয়, এটি আবেগের নাম। এর ইতিহাস রয়েছে। এমন স্পৃহা আছে যা ক্লাবের অংশ নয় এমন কারও কাছে শব্দে বর্ণনা করে শেষ হবে না।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন তিনি, ‘যারা আমার ক্যারিয়ারের সেরা সময়টায় পাশে ছিলেন, কঠিন সময়েও দাঁড়িয়ে ছিলেন। এটি এমন বিষয় যা আমি কখনও ভুলব না এবং আমার সঙ্গে সবসময়ই থেকে যাবে। বিদায় বলাটা সহজ নয়। আপনারা আমার জীবনের সবচেয়ে সেরা সময়গুলো দিয়েছেন, সবসময় আপনাদের একজন হয়ে থাকব। ক্লাবটি সবসময় আমার বাড়ি এবং আমার কাছে পরিবার হয়ে থাকবে। সবকিছুর জন্য কৃতজ্ঞতা, আপনাদের কারণে আমি কখনও একা হাঁটব না।’

তার আনুষ্ঠানিক ঘোষণার পর লিভারপুল একটি বিবৃতি দিয়েছে। যেখানে ইংলিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘মোহামেদ সালাহ ২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুল এফসির সঙ্গে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে। অ্যানফিল্ডে অবিস্মরণীয় নয় বছরের অধ্যায় সমাপ্তি নিয়ে ক্লাবের সঙ্গে সম্মতিতে পৌঁছেছেন তিনি। সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবশত, নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছতা রাখতে সালাহ যত দ্রুত সম্ভব এই ঘোষণাটি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও এই মৌসুমে এখনও অনেক খেলা বাকি, সালাহ–ও তার শেষ মৌসুমটা লিভারপুলের হয়ে সবচেয়ে সেরা উপায়ে শেষ করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এরপর যখন অ্যানফিল্ডে তিনি বিদায় নেবেন আমরা তার লিগ্যাসি ও অর্জন উদযাপন করব।’

লিভারপুল অধ্যায়ে সালাহ এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫টি গোল করেছেন, যা অলরেড ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তৃতীয়। সামনে আছেন ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। ব্যক্তিগতভাবে তিনি চারবার প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট এবং তিনবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জেতেন। লিভারপুলের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  লিভারপুল   অধ্যায়   ইতি   সালাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close