ঢাকার উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকা উত্তরা-বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু (৫৫) ও শাকিবুল হাসান (৪৫)। এদের মধ্যে রাজু দৈনিক প্রাণের বাংলাদেশে প্রধান প্রতিবেদক এবং শাকিব দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া তারা উভয়ই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ও উত্তরা প্রেস ক্লাবের সদস্যরা জানান, আগামী শনিবার (১৮ জুলাই) উত্তরা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু অংশগ্রহণ করেছেন। নির্বাচনে সাকিবুল হাসানের ব্যালট নম্বর ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নম্বর ছিল ২২।
সাকিবের গ্রামের বাড়ি বরিশাল ও রাজুর বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার গভীর রাতে নির্বাচনি প্রচারণা ও প্রেস ক্লাবে বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা দলের খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি উত্তরার জসিমউদদীন রোড দিয়ে মহাসড়ক পারাপার হওয়ার সময় দূর পাল্লার একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। ফলে এ দুর্ঘটনাটি ঘটে।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ এবং সংশ্লিষ্ট ঘাতক বাসটি শনাক্তে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তাদের দুইজনের মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুই সাংবাদিকের মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কেকে/এমএ