বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠে এসেছে তারা। জোড়া গোল করে রিয়ালের জয়ে বড় অবদান রাখেন কিলিয়ান এমবাপ্পে। অন্য দুটি গোল করেন আলভারো কারেরাস ও জুড বেলিংহ্যাম। রায়োর একমাত্র গোলটি করেন সার্জিও কামেয়ো।
রিয়াল বেতিসের কাছে আগের ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে রিয়াল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। বক্সে কারেরাস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল।
প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করে ফেলে রিয়াল। কারেরাসের শক্তিশালী শটে দ্বিতীয় গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ দৌড় থেকে পাওয়া বল জালে পাঠান বেলিংহ্যাম।
বিরতির পর ৫১ মিনিটে কামেয়োর গোলে ব্যবধান কমায় রায়ো। এরপর একাধিক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি তারা। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন।
যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এই জয়ে বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল। তবে রোববার (১৩ সেপ্টেম্বর) লেভান্তের বিপক্ষে বার্সেলোনা জিতলে আবারও এককভাবে শীর্ষে চলে যাবে।
কেকে/সাশ