আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে মাঠপর্যায়ের ভোট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এরপর কয়েকটি ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে।”
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান আইনই অনুসরণ করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইন বা সংশোধনী কার্যকর না হলে বর্তমান আইনি কাঠামোর ভিত্তিতেই নির্বাচন পরিচালনা করবে কমিশন।
তিনি বলেন, “বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা কার্যগত জটিলতা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নেবে।”
কেকে/সাশ