মারা গেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিডিনিউজের সিনিয়র রিপোর্টার শেখ আবু তালেব।
জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসকের পরামর্শ নিতে যুক্তরাজ্যের লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে একটি হোটেলের কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে পরিচিত নাম তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে দেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন তৌফিক ইমরোজ। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তৌফিক ইমরোজের। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ। ডিজিটাল বাংলাদেশে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়। ২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা আবদান রেখেছেন খালিদীর। তার নেতৃত্বে ২০০৬ সালে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ নামে নতুন রূপে যাত্রা শুরু করে। ২০১৭ সালের একটি প্রতিবেদনে প্রতিষ্ঠানটিকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
কেকে/এমএ