বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারী চালকেরা।
অটোচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না তারা। ফলে গাড়ি চালাতে না পারায় তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
অটোরিকশাচালকদের অবস্থানের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
অটোরিকশাচালকরা বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ দিয়ে তারা দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশাচালকরা বিক্ষোভ করছেন।
কেকে/ এমএস