রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটের লিফটের সামনে ওই নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন জাকির। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখানোর বিষয়টি টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।
পরিস্থিতি বুঝে রাকিবুল ইসলাম এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই জাকির হোসেনকে আটক করেন তারা।
আটকের পর জাকিরের দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি পাওয়া যায়। পরে ঘটনাটি স্টেশনের কন্ট্রোলারকে অবহিত করা হয়।
স্টেশনের কন্ট্রোলারের উপস্থিতিতে আনসার সদস্যরা আটক ব্যক্তিকে উদ্ধার করা ধারালো অস্ত্রসহ এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
ব্যস্ততম এ মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপে ছিনতাইয়ের ঘটনাটি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ভুক্তভোগী নারীসহ সেখানে থাকা যাত্রীরা আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
কেকে/এআই