সামাজিক সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করতে গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ের সাত হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের জমা দেওয়া ১ হাজার ১০৩টি ধারণার মধ্য থেকে সেরা তিনটি প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ গ্র্যান্ড ফিনালের প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। দেশের বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এআইভিত্তিক উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ করে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করে গ্রামীণফোন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে ৪০ শতাংশ।
ফিউচারমেকার্সের দ্বিতীয় সংস্করণে স্টেম ও নন-স্টেম—উভয় ধারার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাতটি চ্যালেঞ্জিং বিষয়ে এআইভিত্তিক ধারণা উপস্থাপনের আহ্বান জানানো হয়। বিষয়গুলোর মধ্যে ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু মোকাবিলা এবং নিরাপত্তা, সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, শিল্পখাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত পর্বে ওঠা দলগুলো বিচারক প্যানেলের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করে। প্যানেলে ছিলেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসন।
উদ্ভাবনী সক্ষমতা, বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য সামাজিক প্রভাব এবং এআই প্রযুক্তির বাস্তবভিত্তিক প্রয়োগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্পগুলোর মূল্যায়ন করেন বিচারকেরা।
প্রতিযোগিতায় ‘ইকোক্লিপ’ প্রকল্পের জন্য প্রথম স্থান অর্জন করেছে টিম লাবডাব। এআই-চালিত ক্লিপ-অন ডিভাইসটি সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তের যন্ত্রে রূপান্তর করতে পারে।
নদীভাঙনের পূর্বাভাস দেওয়ার এআইভিত্তিক ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় হয়েছে টিম রিভার সেন্টিনেল। প্রকল্পটি ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করার পাশাপাশি ঝুঁকিতে থাকা মানুষকে আগাম সতর্কবার্তা দিতে সক্ষম।
অন্যদিকে, ‘স্পষ্ট এআই’ প্রকল্পের জন্য তৃতীয় স্থান অর্জন করেছে টিম জিনক্সড। এটি এআই-সহায়তাপুষ্ট একটি স্পিচ থেরাপি অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দেশনা অনুসারে বাড়িতে অনুশীলন করতে পারবেন এবং নিজেদের অগ্রগতি পরিমাপ করতে পারবেন। ফলে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী থেরাপি কার্যক্রম পরিচালনা সহজ হবে।
বিজয়ী দলগুলোকে যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি তারা গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘নেক্সট বিজনেস লিডার’ এবং ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রামে’ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, “বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পায়, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআইয়ের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, সে জন্য তরুণদের শুধু নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে উদ্বুদ্ধ করলেই হবে না; বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সেসব প্রযুক্তি কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়েও উৎসাহিত করতে হবে।
“গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’-এর মতো উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের প্ল্যাটফর্ম সারা দেশের শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করতে, দক্ষতা বাড়াতে এবং উদ্ভাবনী ধারণাকে কার্যকর সমাধানে রূপ দিতে সহায়তা করে। ভবিষ্যৎ-উপযোগী মেধা বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, “তরুণ উদ্ভাবকেরা যেভাবে এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে পারে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীরা দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে দেশের জন্য নিজেদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যাবে বলে আশা করি।”
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “সারা দেশের তরুণদের মধ্যে যে অসাধারণ সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তা দেখা যায়, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফিউচারমেকার্সের এবারের সংস্করণের একটি উৎসাহব্যঞ্জক দিক হলো, এতে অংশগ্রহণ শুধু বড় শহর বা নামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণেরা এআইভিত্তিক ধারণা নিয়ে এগিয়ে এসেছেন। এটি প্রমাণ করে, মেধা ও সম্ভাবনা শুধু ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর নির্ভর করে না।
“গ্রামীণফোনে আমরা নিজেদের সহায়তাকারী হিসেবে দেখি। আমরা এমন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তরুণ উদ্ভাবকেরা নিজেদের দক্ষতা বাড়াতে, সম্ভাবনা সম্পর্কে জানতে এবং ধারণাগুলো বাস্তবে রূপ দিতে পারবেন। ফিউচারমেকার্সসহ আমাদের তরুণদের ক্ষমতায়নমূলক উদ্যোগগুলো কীভাবে তাঁদের চাহিদা বুঝে একটি নিরাপদ, স্মার্ট ও আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে অবদান রাখতে সহায়তা করে, তা দেখতে আমরা আগ্রহী।”
গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় সমৃদ্ধ করা এবং অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ দেওয়া অপরিহার্য। ফিউচারমেকার্সের দ্বিতীয় সংস্করণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈচিত্র্যময় শিক্ষাগত পটভূমির শিক্ষার্থীদের একত্র করেছে। একই সঙ্গে এআইয়ের প্রচলিত ব্যবহারের বাইরে গিয়ে সামাজিক কল্যাণে এর সম্ভাবনা খুঁজে দেখতে উৎসাহিত করেছে।
“আমাদের প্রত্যাশা, এ অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের শেখা, পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং নিজেদের ধারণাকে এমন সমাধানে রূপ দিতে অনুপ্রাণিত করবে, যা তাঁদের ব্যক্তিগত অগ্রগতির পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।”
কেকে/ এমএস