দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশি তরুণ সামিন ইয়াসের। বিশ্বের ১৯ প্রতিযোগীকে পেছনে ফেলে জিতেছেন ১০ লাখ দিরহাম (২ লাখ ৭২ হাজার মার্কিন ডলার) পুরস্কার। একই সঙ্গে অর্জন করেছেন ‘এআই গ্র্যান্ডমাস্টার’ খেতাব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুবাই ফিউচার উইকে অনুষ্ঠিত ‘এআই গ্র্যান্ডমাস্টার চ্যালেঞ্জ’-এর চূড়ান্ত পর্বে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ২৯ বছর বয়সী সামিন নিউইয়র্কে বসবাস করেন এবং নিজের একটি এআই ভয়েস কোম্পানি পরিচালনা করেন।
সামিন বাংলাদেশি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সুযোগ্য সন্তান।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদন করা প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করা ২০ জন চূড়ান্ত পর্বে অংশ নেন। প্রতিযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে জেনারেটিভ এআই ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজ ও ভিজ্যুয়াল তৈরি করতে হয়।
প্রতিযোগিতার অন্যতম চ্যালেঞ্জ ছিল এমন একটি গেম তৈরি করা, যেখানে একটি চরিত্র ১৯৭১ সালের দুবাই থেকে ২০৭১ সালের ভবিষ্যতের দুবাইয়ে যাতায়াত করবে। সামিন জানান, প্রতিযোগিতার বিভিন্ন কাজের জন্য অনুপ্রেরণা নিতে তিনি নিজের ইউটিউব ভিডিওগুলোর সাহায্য নিয়েছেন।
পুরো প্রতিযোগিতার অভিজ্ঞতাকে অস্কারজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর সঙ্গে তুলনা করেন সামিন। ওই চলচ্চিত্রে অতীত জীবনের নানা অভিজ্ঞতা মনে করে কুইজ প্রতিযোগিতায় একের পর এক প্রশ্নের উত্তর দেন একজন প্রতিযোগী।
এআই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হিসেবে সময় সাশ্রয়ের বিষয়টি তুলে ধরেন সামিন। তার মতে, এ প্রযুক্তির মাধ্যমে অনেক কাজ সহজেই করানো সম্ভব হচ্ছে। এমনকি মোবাইল ফোনে নির্দেশনা দিয়েই দূর থেকে নিজের ইউটিউব ভিডিও আপলোড করতে পারেন তিনি।
সামিন বলেন, ‘এআই ব্যবহারের ফলে জীবনের অনেকটা সময় ফিরে পাচ্ছি। এটি আমার হয়ে কাজ করে দিচ্ছে। এত কিছু করার সুযোগ এবং প্রযুক্তির সুবিধা কাজে লাগাতে পারাটা অসাধারণ। এআই প্রযুক্তির অগ্রভাগে থাকতে পেরে আমি আনন্দিত।’
বিজয়ী হিসেবে নিজের নাম ঘোষণার মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল বলে জানান তিনি। সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে সামিন বলেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ। প্রতিযোগিতাটি ছিল অসাধারণ। প্রত্যেক চূড়ান্ত প্রতিযোগীই অনেক পরিশ্রম করেছেন। তবে শেষ পর্যন্ত ফলাফল নিজের পক্ষে আসায় আমি খুবই আনন্দিত। সত্যি বলতে, আমি বাকরুদ্ধ।’
দুবাই ফিউচার ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। গুগল ক্লাউডের এআই বিশেষজ্ঞদের একটি প্যানেল বিজয়ী নির্বাচন করে।
কেকে/সাশ