দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচার, যা দৈনন্দিন ব্যবহারকে সহজ করার পাশাপাশি সৃজনশীল কাজেও সহায়তা করবে।
ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন, বিশেষ অতিথি অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েলসহ বিভিন্ন প্রযুক্তি ও লাইফস্টাইলবিষয়ক কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের পাশাপাশি উন্মোচন করা হয় জেফার, মাশা ও ফিরোজ জংয়ের রাতুলের তৈরি অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম। প্রকাশ করা হয় এআই দিয়ে তৈরি অ্যান্থেমটির মিউজিক ভিডিও। এ সময় তিন শিল্পী একক সংগীতও পরিবেশন করেন। পাশাপাশি সৃজনশীল কাজে এআই ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ক্যাম্পেইন প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, ‘প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে। এআই ক্রিয়েটরস ডেন ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের সেই সুযোগ দিতে চেয়েছি। এতে তারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।’
অনার ৬০০এস ৫জি-তে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে সহজেই বিভিন্ন এআই ফিচার ব্যবহার করা যাবে। এর অন্যতম এআই ইমেজ টু ভিডিও ২.০। এ ফিচারের সাহায্যে কণ্ঠের নির্দেশনা দিয়ে ছবি থেকে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা সম্ভব।
স্মার্টফোনটি সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচার ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
স্মার্টফোনটিতে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলার সক্ষমতা রয়েছে ব্যাটারিটির।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র্যাম এক্সপ্যানশনের সুবিধা। পানি ও ধুলাবালি প্রতিরোধে ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। এসজিএসের সনদ অনুযায়ী, ২ দশমিক ৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও স্মার্টফোনটি ধাক্কা সামলাতে সক্ষম।
ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল, এ তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার ৬০০এস ৫জি। স্মার্টফোনটির বাজারমূল্য ৪৫ হাজার ৯৯৯ টাকা।
কেকে/ এসএমএন