ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্তৃক ঢাকায় নিরাপত্তা সংকট নিয়ে করা অভিযোগের সঙ্গে একমত নন দেশটির ফুটবল দলের হেডকোচ নওশাদ মুসা। সিকিউরিটি কিংবা আতিথেয়তা– সবকিছু নিয়েই সন্তুষ্ট অতিথিরা। তবে তাদের অভিজ্ঞতায় বিসিসিআই সিদ্ধান্ত পাল্টাবে কিনা নিশ্চিত নন মুসা। আক্ষেপ আছে ঢাকা ঘুরে দেখতে না পারা নিয়ে। অসন্তুষ্ট সাফের ওপরেও।
সাফে বাংলাদেশ, ভুটান বা পাকিস্তানের মতো একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভারতীয় দলের জন্যও। ঢাকায় সপ্তাহখানেকের ব্যবধানে বুধবার (১১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলল ব্লু টাইগার্স। এছাড়া প্রাকটিস সেশনেও যাতায়াত করতে হয়। নিরাপত্তা সংকট আছে কিনা- সাংবাদিকরা এমন প্রশ্নই করেছিলেন নওশাদ মুসার কাছে। উত্তরটা শুনে নেওয়া যাক তার মুখেই।
‘ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছে, এখানে আমাদের আতিথেয়তা ও নিরাপত্তার ঘাটতি রয়েছে। এই তথ্য একবারেই সঠিক নয়। আতিথেয়তা নিয়ে সমস্যা নেই, আর আমরা এখানে একদমই নিরাপদ আছি। অনুশীলন বা ম্যাচের জন্য বের হলে সঙ্গে সার্বক্ষনিক পুলিশ কনভয় থাকে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।’
এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতেও বাংলাদেশে এসেছিল ভারতীয়রা। নিরাপত্তা সংকট নিয়ে অভিযোগ নেই, আতিথেয়তা নিয়েও সন্তুষ্ট। তাহলে বিসিসিআইয়ের অভিযোগ এবার টিকবে তো? নাকি সাফ দেখে সিদ্ধান্ত বদলাবে?
নওশাদ মুসা অবশ্য এ ব্যাপারে কিছু বলতে পারলেন না, ‘বিসিসিআই ও ক্রিকেটের পরিসর অনেক বড়। তাদের বিষয়গুলো ভিন্ন। এক্ষেত্রে বাস্তবতা আলাদা। নিরাপত্তা বা আতিথেয়তা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’
তবে আক্ষেপ আছে ঢাকা ঘুরে দেখতে না পারার। অবশ্য এমন নিয়ম ঠিক করেছে সাফ কর্তৃপক্ষ। হোটেলবন্দী সময় কাটছে তাই ভারতীয় দলের। অভিযোগ আছে খাবার নিয়ে।
নওশাদ মুসা বলেন, ‘ঢাকা শহর উপভোগ করতে হলে তো হোটেল ছেড়ে বাইরে ঘুরতে হবে। বাড়তি নিরাপত্তার কারণে আমাদের হোটেলের বাইরে যাওয়ার অনুমতি নেই। বলতে গেলে সারাটা দিন হোটেলেই কাটছে, তাই ঢাকা দেখার সুযোগ হচ্ছে না।’
‘একমাত্র সমস্যাটা হচ্ছে খাবার নিয়ে। একজন আয়োজক হিসেবে আপনি চাপিয়ে দিতে পারেন না যে আমাদের কী খেতে হবে। আমাদের যে নির্দিষ্ট মেন্যু দেয়া হয়েছে, তা মানা সম্ভব নয়। ম্যাচ শেষ করার পর খেলোয়াড়দের পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। ম্যাচের দিন তারা খুব বেশি খায় না, তাই সে অনুযায়ী ভালো ডায়েট দরকার। কিন্তু দেখা যায়, প্রতিদিন একই খাবার দেয়া হচ্ছে।’
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। আপাতত ফাইনালের আগে বাংলাদেশকে না পাওয়ায় খুশি কোচ নওশাদ মুসা।
কেকে/এমএ