নদীবিধৌত প্রবহমান বঙ্গীয় বদ্বীপের গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রাকে ধারণ করে গঠিত হয়েছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। বঙ্গীয় বদ্বীপের পলিমাটির মতো উর্বর সৃজনশীলতা, উদ্ভাবনী স্থাপত্যচর্চা, জলবায়ু-সহনশীল টেকসই নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করাই এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।
বাংলাদেশের স্থাপত্যশিল্পে এই উৎকর্ষকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) দুই নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত স্থাপত্য প্রকল্প ও স্থপতিদের পুরস্কার ও স্বীকৃতি দেওয়া হয়। স্থপতি ড. নবনীতা ইসলাম এ অ্যাওয়ার্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান ও সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের।
ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত প্রকল্পগুলো হলো কবিতা কুঞ্জ : বিজয়ী - জুবায়ের হাসান আর্কিটেক্টস। রূপগাঁও : বিজয়ী - পারসিভ। ইন্টারিম হাউস : প্রশংসাসূচক স্বীকৃতি - রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচার।
‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত প্রকল্পগুলো হলো মীর মঞ্জিল : বিজয়ী ইন্ডিজিনিয়াস; চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক : বিজয়ী ফর্ম.থ্রি আর্কিটেক্টস; স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এ প্রকল্পের স্থপতি হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। এআরএ’স অফিস, হাজারীবাগ : প্রশংসাসূচক স্বীকৃতি - এটেলিয়ার রবিন আর্কিটেক্টস। স্থা-কালপা অফিস: প্রশংসাসূচক স্বীকৃতি - স্থা-কালপা আর্কিটেক্টস। আল ফালাহ জামে মসজিদ : প্রশংসাসূচক স্বীকৃতি – ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস। রাজউক কাঁচা বাজার : প্রশংসাসূচক স্বীকৃতি - তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড।
স্থাপত্যের পাশাপাশি ডেল্টা অ্যাওয়ার্ড স্থপতিদের স্বীকৃতি দিতেও অঙ্গীকারবদ্ধ। এই পর্বে ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। পাশাপাশি, বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে প্রয়াত স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।
স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ বিভাগে বিশিষ্ট স্থপতি ও গবেষকদের তিন সদস্যের একটি পৃথক জুরি বোর্ড বিচারকাজ পরিচালনা করেন। জুরি বোর্ডে অন্তর্ভুক্ত ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি ড. শেখ সেরাজুল হাকিম ও স্থপতি আইদা হাসান। এই বিভাগে বিজয়ী ও প্রশংসাসূচক স্বীকৃতিপ্রাপ্ত গ্রন্থগুলো হলো বিজয়ী স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ - তার রচিত ও গবেষণাকৃত গ্রন্থ ‘শাহামসুল ওয়ারেস: মৌলিক উপাদাননির্ভর আধুনিকতাবাদের এক স্থাপত্যভাষ্য’-এর জন্য। প্রশংসাসূচক স্বীকৃতি স্থপতি ড. মাহবুবুর রহমান - তার রচিত গ্রন্থ ‘পুরোনো, অথচ নতুন : নতুন, অথচ পুরোনো’-এর জন্য। প্রশংসাসূচক স্বীকৃতি স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেস - তার রচিত গ্রন্থ ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য দুর্যোগসহনশীল মডুলার কোর আশ্রয়কেন্দ্র’-এর জন্য।
এ আয়োজনের ধারাবাহিকতায় ১২-১৪ নভেম্বর আইসিসিবিতে ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হবে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উৎসবের উদ্বোধন করা হবে। এতে স্থপতি, ডেভেলপার, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিল্প খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী এই উৎসবে থাকছে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ড বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত প্রকল্পের উপস্থাপনা।
মাস্টারক্লাস পর্বে দেশের বিশিষ্ট ও অভিজ্ঞ স্থপতিরা সমসাময়িক স্থাপত্যচর্চা, নকশার নতুন দৃষ্টিভঙ্গি, টেকসই স্থাপত্যের ধারণা, সৃজনশীল চিন্তাভাবনা ও বাস্তব পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন। তারা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি ড. সাজিদ বিন দোজা - স্কেচিং ও সৃজনশীল ভাবনার ওপর মাস্টারক্লাস। স্থপতি ও আসিফ সালমান - স্থাপত্য ফটোগ্রাফিতে ফোকাল লেন্থ ও লেন্সের প্রভাববিষয়ক মাস্টারক্লাস। কিউরেটর ও শিল্পী ওয়াকিলুর রহমান - শিল্প, নকশা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক বিষয়ক মাস্টারক্লাস।
‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে সমসাময়িক স্থাপত্যচর্চা, টেকসই নকশার দর্শন, উদ্ভাবনী সৃজনশীল ভাবনা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশিষ্ট স্থপতিরা। এতে অংশ নেবেন ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস : স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী ও স্থপতি শাওকি শামীম। ফ্রেমওয়ার্ক : স্থপতি ফয়সাল কবির (হিমুন) ও স্থপতি অনুপ কুমার বসাক। এহসান খান আর্কিটেক্টস লিমিটেড : দেশের প্রখ্যাত স্থপতি এহসান খান। নকশাবিদ আর্কিটেক্টস : প্রখ্যাত স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।
পাশাপাশি স্থান পাবে বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বইয়ের প্রদর্শনী এবং আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত স্থাপত্য প্রকল্পের ডিজিটাল প্রদর্শনী।
আর্কিকানেক্ট ও কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
কেকে/এমএ