রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি কথিত পীর মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-২ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি সোহেল রানার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ওই এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আভিযানিক দল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীর সোহেল রানার সঙ্গে তাদের পরিচয় হয়। পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ওই নারীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
এসআরবি-২ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস