বাংলাদেশের প্রথম আযানভিত্তিক রিয়েলিটি শো ‘বিআরবি আযান অলিম্পিয়াড ২০২৭’-এর দ্বিতীয় সিজনের উদ্বোধন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান মুয়াজ্জিনদের খুঁজে বের করে সেরা আযানদাতা নির্বাচনের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে এ আয়োজন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সিজন-২’-এর উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাহবুব মোর্শেদ, হাফেজ বেলাল হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ক্বারী মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ক্বারী সরোয়ার হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী এবং হাফেজ ক্বারী মুশফিকুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা। এতে সভাপতিত্ব করেন ফখরুল আলম।
বক্তারা বলেন, আযান অলিম্পিয়াড একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান মুয়াজ্জিনদের খুঁজে বের করে সেরা আযানদাতা নির্বাচন করা হবে।
সারাদেশে বিভিন্ন অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হবে। পাশাপাশি নির্বাচিত মুয়াজ্জিনদের দেশের বিভিন্ন প্রসিদ্ধ মসজিদে খেদমতের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে আযান দেওয়া ও অন্যান্য খেদমতের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান। পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকেল ৩টায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
আযানের সুমধুর ধ্বনি ছড়িয়ে দেওয়া, যোগ্য মুয়াজ্জিন নির্বাচন এবং দেশের মসজিদগুলোতে তাদের খেদমতের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে ‘বিআরবি আযান অলিম্পিয়াড ২০২৭’।
কেকে/ এসএমএন