দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল আটটা মধ্যে তারা মারা যান।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে। আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)।’
আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রংপুর বিভাগে দুইজন ও সিলেট বিভাগে ছয়জন রোগী রয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬ দশমিক ৯ শতাংশ ও নারী ৩৩ দশমিক ১ শতাংশ।
এ দিকে গেল ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৭ হাজার ২৫৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
কেকে/এমএ