জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতাল (নিকডু) শিক্ষক সমিতির উদ্যোগে জার্নাল ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন এবং সদ্য পাসকৃত ও পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদ্য পাসকৃত এফসিপিএস, এমএস ও এমডি ডিগ্রিধারী চিকিৎসক এবং পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের সম্মাননা দেয়া হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জুলাই আন্দোলনের সব শহীদ ও সদ্য শাহাদাতবরণকারী ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মশিউর আরেফিন রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার মো. কবির হাসান পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফা সানি, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. শাহে নেওয়াজ দেওয়ান, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শওকত আলম, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. আনম এহসানুল করিম, ট্রান্সপ্লান্ট ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফজল নাসের, শিশু ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ফয়সাল ইসলাম, শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. কবির আলম, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. তানভীর আলম, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোরশেদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিকডুর উপ-পরিচালক ডা. মো. হাসিবুর রহমান, সহকারী পরিচালক ডা. মাসুদ পারভেজ, আবাসিক সার্জন ডা. সানাউল্লাহ সানু, ডা. শেখ আমিরুল ইসলাম, আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ রানা কবির, ডা. রাশেদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে শাহে নেওয়াজ দেওয়ান শিক্ষক সমিতি গঠনের প্রক্রিয়া তুলে ধরেন।
তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তার আগ্রহ ও উদ্যোগেই নিকডুর পথচলা শুরু হয়েছিল।’
শাহে নেওয়াজ তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি ও জুলাই সেশনের দুটি জার্নাল এবং শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়। শেষে ২০ জন সদ্য উচ্চতর ডিগ্রি অর্জনকারী চিকিৎসক এবং ৪২ জন পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়।
বক্তারা জার্নাল প্রকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিগত এক বছরে নিকডু চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন ৬টি অপারেশন থিয়েটারে নিয়মিত শল্যচিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ৪৪টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মধ্যে গত এক মাসেই প্রায় পাঁচটি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন প্রায় দেড় হাজারের বেশি রোগী নিয়মিত চিকিৎসাসেবা নিচ্ছেন।
আলফা সানি বলেন, ‘নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার মাধ্যমে হাসপাতালকে এগিয়ে নিতে হবে। হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসাসেবা সম্প্রসারণ সকলের সম্মিলিত দায়িত্ব।’
নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষক সমিতি আরও দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মশিউর আরেফিন রুবেল বলেন, ‘ভবিষ্যতে নিকডু একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।’
সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই নিকডু ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ রূপ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেকে/এমএ