মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পর্যন্ত ৪১১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার (১০ ডিসেম্বর) সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ৪১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৪০৪ জন।’
অধিদফতর জানায়, গেল ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ জন, উত্তর সিটি করপোরেশনে ৭০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুরে দুই ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এই সময়ে ৪৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৫৩ জন।
কেকে/এমএ