উত্তর জনপদের মৎস্য ভাণ্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামটি শুঁটকির গ্রাম হিসেবে বিশেষভাবে পরিচিত। এখানকার উৎপাদিত দেশীয় ছোট মাছের শুঁটকি প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় এর কদর রয়েছে দেশজুড়ে। শুধু দেশেই নয়, ভারতেও রয়েছে এখানকার শুঁটকির চাহিদা।
তবে এখন ভরা মৌসুম হলেও মাছের অভাবে ভাটা পড়েছে শুঁটকি উৎপাদনে। অল্পস্বল্প যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোও কিনতে হচ্ছে বেশি দামে।
আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিক টন শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এখানকার উৎপাদিত শুঁটকির বাজার মূলত দেশের রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও ঢাকায়। রপ্তানি হয় ভারতেও। একসময় এ উপজেলায় ৪০ জন ব্যবসায়ী শুঁটকি উৎপাদনে জড়িত থাকলেও বর্তমানে ১৫ থেকে ১৮ জন ব্যবসায়ী এই কাজে জড়িত রয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আত্রাই রেলস্টেশনের দুই পাশে শুঁটকির মাছ শুকানোর চাতাল বসানো হয়েছে। নারী-পুরুষরা মাছ কাটা, ধোয়া, লবণ লাগিয়ে চাতালে শুকাতে দিচ্ছেন। সকালে রোদে দেওয়া ভেজা মাছগুলো কেউ কেউ এপিঠ-ওপিঠ উল্টে দিচ্ছেন। মাছের অভাবে অনেক চাতাল ফাঁকা পড়ে থাকতেও দেখা গেছে।
স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা জানান, আত্রাই উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। পাশাপাশি ছোট যমুনা নদী ও রয়েছে শতাধিক খাল-বিল। এসব নদী ও খাল-বিলের পানি কমতে শুরু করলে সাধারণত টেংরা, পুঁটি, খলসে, টাকি, শোল, চাঁদাসহ নানা জাতের দেশীয় মাছ বাজারে ওঠে। কিন্তু চায়না দুয়ারি, সুতি, কারেন্ট ও ভাদাই জালের অবাধ ব্যবহারে এ বছর পানি কমলেও মাছের দেখা মিলছে না। মাছের অভাবে অক্টোবর-নভেম্বর মাসে অধিকাংশ চাতাল বন্ধ ছিল। এতে চাহিদা অনুযায়ী শুঁটকি উৎপাদন করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকেরাও কর্মহীন হয়ে পড়ছেন।
শুঁটকি ব্যবসায়ী ভরতেঁতুলিয়া গ্রামের রামপদ শীল বলেন, “এ বছরের মাছের খুব অভাব। বাজারে যেটুকু মাছ পাওয়া যাচ্ছে তাও বেশি দামে কিনতে হচ্ছে। মানভেদে প্রতি কেজি ১০০-২২০ কেজিতে মাছ কিনতে হচ্ছে। প্রতিদিন ২০-২৫ মণ মাছের চাহিদা রয়েছে। কিন্তু স্থানীয় বাজার ও মৎস্য আড়ৎ ঘুরে ৭-১০ মণের বেশি মাছ পাওয়া যাচ্ছে না। এ কারণে চাহিদা অনুযায়ী শুঁটকি উৎপাদন করতে পারছি না।”
ব্যবসায়ী জিল্লুর রহমান ও সবদুল প্রামানিক বলেন, “কয়েকবছর আগেও এই সময় শুঁটকি পল্লী মুখর থাকতো। কিন্তু এখন বর্ষার শুরুতেই সুতি, দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় বাজারে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ পাওয়া গেলে এতদিন দুই-আড়াই মাস ব্যাবসা করা যেত। মাছের অভাবে অনেক চাতাল বন্ধ আছে। এ অবস্থায় চাতালের কাজে জড়িত নারী-পুরুষ শ্রমিকও বেকার হয়ে পড়ছেন।”
নারী শ্রমিক আনজুমান বেগম বলেন, “মাছের অভাবে কাজ কমে গেছে। এই শুঁটকি মাছের চাতালে কাজ করে যে টাকা পাই তা দিয়েই সংসার চলে। কাজ না পেয়ে অনেকে বসে থাকে।”
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, “শুঁটকির সঙ্গে জড়িতদের নিরাপদ ও মানসম্মতভাবে শুঁটকি তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অসাধু উপায়ে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।”
কেকে/ আরআই