বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি, লুটপাট ও স্বৈরতন্ত্র থেকে মুক্ত করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বুধবার (২৪ ডিসেম্বর) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাজহারুল ইসলাম বলেন, “তরুণ সমাজ সচেতন না হলে আমাদের এই জনপদে ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মতো লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তখন দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করা সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “দুর্নীতি, লুটপাট, আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তরুণদেরই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই আসবে না।”
ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “দেশের প্রতিটি মানুষই ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন ব্যক্তি নিজ জীবনে সততা বজায় রাখতে ব্যর্থ হয়। ফলে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন বাধাগ্রস্ত হয়।”
তিনি জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ—শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আশরাফ আশরাফুল্লাহকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “জুলাই বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা কি সত্যিই তাদের চেতনা ধারণ করতে পারছি—এটি আত্মসমালোচনার বিষয়।”
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছেন। এখন প্রশ্ন হলো—দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা কী? যদি পেশাগত জীবনে সততা ও স্বচ্ছতা বজায় রাখতে পারেন, তাহলে দেশ গঠনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য হবে।” অন্যথায় ভবিষ্যতেও দেশ লুটপাট, দুর্নীতি ও আধিপত্যবাদের চক্রে আবদ্ধ থাকবে বলেও সতর্ক করেন তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর আমিনুজ্জামান, দিন ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
কেকে/ আরআই