বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “স্থগিত হওয়া এই পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) নির্ধারণ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়; জেলা প্রশাসকদের মতামত নেওয়ার পর চূড়ান্ত তারিখ দ্রুত ঘোষণা করা হবে।”
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোকের শেষ দিনে (২ জানুয়ারি) পরীক্ষার আয়োজন নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে স্থগিত করা হয়েছে।
মহাপরিচালক জানান, “নতুন সম্ভাব্য তারিখ নির্বাচনের সময়সূচি ও পরিস্থিতি অনুযায়ী প্রার্থীদের সুবিধা বিবেচনায় রাখা হয়েছে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের নিয়োগ পরীক্ষায় মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। অর্থাৎ গড়ে প্রতি পদে প্রায় ৭৫ জন প্রার্থী লড়াই করছেন।
প্রথম ধাপ (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ): প্রতি পদে ৭৩ জনেরও বেশি প্রার্থী।
দ্বিতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ): প্রতি পদে ৮০ জনের বেশি প্রার্থী।
কেকে/এলএ