মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ১২:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘পাবলিক চার্জ’ বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কাকে সামনে রেখে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন করে স্ক্রিনিং ও যাচাই-বাছাইয়ের ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে, তাদের বিষয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফক্স নিউজ ডিজিটালের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ স্মারকে কনস্যুলার কর্মকর্তাদের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে এবং একই সঙ্গে ভিসা যাচাই ও স্ক্রিনিং পদ্ধতি নতুন করে পর্যালোচনা করতে হবে। এই তালিকায় বাংলাদেশ, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরও বহু দেশ রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

মূলত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া এক বড় ধরনের প্রতারণা কেলেঙ্কারির পর সোমালিয়াকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচির ব্যাপক অপব্যবহার ধরা পড়ে। আর এর সঙ্গে জড়িতদের বড় একটি অংশ সোমালি নাগরিক বা সোমালি-আমেরিকান বলে জানান তদন্তকারীরা।

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে থাকা মার্কিন দূতাবাসগুলোতে একটি নির্দেশনা পাঠায়। এতে ‘পাবলিক চার্জ’ সংক্রান্ত আইনের আওতায় আরও কঠোর স্ক্রিনিং বিধি কার্যকর করতে বলা হয়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন, তাদের ভিসা প্রত্যাখ্যান করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক অবস্থা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো বিবেচনায় নেয়া হবে।

এই নীতির আওতায় বয়স বেশি বা অতিরিক্ত ওজনের আবেদনকারীদের ভিসা নাকচ হতে পারে। এমনকি অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণ বা কোনও প্রতিষ্ঠানে আশ্রয় নেয়ার ইতিহাস থাকলেও আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি থাকবে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, “ক্তরাষ্ট্রে এসে যারা ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন বা মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করতে পারেন, তাদের অভিবাসনের অযোগ্য ঘোষণা করার দীর্ঘদিনের ক্ষমতা পররাষ্ট্র দপ্তর ব্যবহার করবে। তিনি আরও বলেন, ৭৫টি দেশের অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে, যাতে কল্যাণভিত্তিক সহায়তা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকানো যায়।”

মূলত ‘পাবলিক চার্জ’ বিধানটি বহু দশক ধরে মার্কিন অভিবাসন আইনে থাকলেও, বিভিন্ন প্রশাসনের সময় এর প্রয়োগে ভিন্নতা ছিল। ঐতিহাসিকভাবে কনস্যুলার কর্মকর্তারা এই বিধান প্রয়োগে বিস্তৃত স্বাধীনতা পেয়ে আসছেন। নতুন এই স্থগিতাদেশের আওতায় ছাড় বা ব্যতিক্রম খুবই সীমিত রাখা হবে এবং শুধুমাত্র তখনই অনুমোদন দেয়া হবে, যখন আবেদনকারী ‘পাবলিক চার্জ’ সংক্রান্ত সব শর্ত পূরণ করবেন।

এর আগে ২০২২ সালে বাইডেন প্রশাসনের অধীনে ‘পাবলিক চার্জ’ নীতির একটি সংস্করণে বিবেচ্য সুবিধার পরিসর সীমিত করা হয়। সে সময় নগদ সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সেবার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, তবে খাদ্য সহায়তা কর্মসূচি, ডব্লিউআইসি, মেডিকেইড বা আবাসন ভাউচারের মতো সুবিধাগুলো বাদ দেয়া হয়।

অভিবাসন ও নাগরিকত্ব আইন দীর্ঘদিন ধরেই কনস্যুলার কর্মকর্তাদের ‘পাবলিক চার্জ’ ভিত্তিতে আবেদন অযোগ্য ঘোষণার ক্ষমতা দিয়ে আসছে। তবে ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংজ্ঞার পরিধি বাড়ান। তবে পরে এটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত বাইডেন প্রশাসনের সময়ে তা বাতিল হয়।

ভিসা প্রক্রিয়া স্থগিত দেশগুলোর পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে— আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভিসা   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close