শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সরকারি নথিপত্র, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ফাইলে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি কর্মচারী ও চিকিৎসাকর্মীদের নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানে প্রচলিত দারি ও পশতু ভাষায় ‘বিবি’ শব্দের অর্থ ‘দাদি’ বা ‘বয়স্ক নারী’।

স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। নথিতেও এভাবে উল্লেখের নির্দেশনাও দেওয়া হয়েছে। 

এতে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন অধিকারকর্মীরা। 

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এই পদক্ষেপকে নারীদের পরিচয় মুছে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। একটি নামের মধ্যে একজন মানুষের ‘পরিচয়, কণ্ঠস্বর ও গল্প’ জড়িয়ে থাকে মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো মানুষকে অমানবিক করে তোলার প্রথম পদক্ষেপই হলো তার নাম কেড়ে নেওয়া।’

তিনি আরও বলেন, ‘এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া। কোনো শাসকগোষ্ঠী যখন একজন নারীর নামের পরিবর্তে কোনো প্রাণীর নাম ব্যবহার করে, তখন তারা তার মানবিক সত্তা কেড়ে নেয়। তাকে নিছক একটি জৈবিক প্রাণী কিংবা কোনো পুরুষের সম্পত্তিতে পরিণত করে।’ 

বলখ প্রদেশে নারীদের নামে এই নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন অধিকারকর্মীরা। 

কাবুলে কাজ করছেন এমন একজন নারী অধিকারকর্মী জুবাইদা আকবর বলেন, ‘নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবানরা ভীষণ সৃজনশীল।’  

তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে। সেই প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

গোত্রীয় প্রথা ও ধর্মীয় প্রেক্ষাপট :

প্রকাশ্যে নারীদের নাম উচ্চারণ না করার প্রথার শিকড় গোত্রীয় ঐতিহ্যের মধ্যে। এসব ঐতিহ্যে কোনো নারীর নাম প্রকাশ্যে উচ্চারণ করাকে পুরুষের সম্মানের প্রতি আঘাত হিসেবে দেখা হয়।

সরকারি নথিপত্রের বাইরেও বিয়ের আমন্ত্রণপত্র ও সমাধিফলকে এই প্রথার প্রচলন রয়েছে। এসব ক্ষেত্রে নারীদের প্রায়ই নিজের নামে পরিচয় না দিয়ে কোনো পুরুষ আত্মীয়ের স্ত্রী বা মেয়ে হিসেবে উল্লেখ করা হয়।

কর্মী ও অধিকারকর্মীরা বলছেন, ‘এটা মূলত সাংস্কৃতিক প্রথা, ইসলামের কোনো বিধান নয়। পবিত্র কোরআনের ১৯তম সূরার নাম ‘মারইয়াম’। ভার্জিন মেরির নামানুসারে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এতে ৩০ বারেরও বেশি তার নাম উল্লেখ রয়েছে।’

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের আমলেও নারীদের নাম প্রকাশ্যে উচ্চারণের ক্ষেত্রে সামাজিক বাধা ছিল। তবে এ বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না। পাসপোর্টে নারীদের নাম থাকত। পাশাপাশি নারীরা প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং নিজেদের নামেই অধিকারের পরিধি বাড়ানোর দাবিতে প্রচার চালাতে পারতেন।

নারীদের নাম ফিরিয়ে আনার আন্দোলন :

২০১৭ সালে লালাহ ওসমানি ‘#হোয়ারইজমাইনেম’ (আমার নাম কোথায়) শীর্ষক প্রচারাভিযান শুরু করেন। শিশুদের জন্মনিবন্ধন সনদসহ সরকারি নথিপত্রে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

হুমকি পাওয়ার পরও তিনি এ প্রচারাভিযান চালিয়ে যান। এমনকি উগ্রপন্থীদের হাতে চামড়া তুলে নেওয়া এক নারীর ছবিও তাকে পাঠানো হয়েছিল।

২০২০ সালের সেপ্টেম্বরে এই আন্দোলন আইনি ক্ষেত্রে একটি অগ্রগতি অর্জন করে। ওই সময় সরকার শিশুদের জন্মনিবন্ধন সনদে স্বেচ্ছায় মায়ের নাম অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়।

লালাহ ওসমানি বলেন, ‘নারীদের নামের স্বীকৃতি তাদের পরিচয় এবং অধিকার চর্চার সক্ষমতার জন্য অত্যন্ত মৌলিক বিষয়।’

তিনি আরও বলেন, ‘নামহীন কোনো মানুষ স্বপ্ন দেখতে পারে না, সম্পত্তির মালিক হতে পারে না, ন্যায়বিচার চাইতে পারে না, এমনকি ইতিহাসেও তার স্মরণীয় হয়ে থাকার সুযোগ থাকে না।’

লালাহ ওসমানি বলেন, ‘আফগানিস্তানে কোনো নারীকে তার প্রকৃত নামে ডাকা প্রতিরোধেরই একটি অংশ।’ 

সূত্র: এল পাইস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আফগান নারীদের নাম   ব্যবহারে নিষেধাজ্ঞা   সরকারি নথি   বিবি সম্বোধনের নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close