শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন      ● ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১      ● থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত      ● অস্থিরতায় বাংলাদেশ থেকে ভারতে অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো      ● পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশে বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ নয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১১:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার আটটি দেশে দাম্পত্য সম্পর্কে সহিংসতার হার বৈশ্বিক গড়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। অথচ এ অঞ্চলের বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কায় বৈবাহিক ধর্ষণ এখনো পূর্ণাঙ্গভাবে অপরাধ হিসেবে স্বীকৃতি পায়নি। ফলে লাখো নারী ও কিশোরী স্বামীর যৌন সহিংসতা থেকে আইনি সুরক্ষা পাচ্ছেন না। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১০০টির বেশি দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হলেও দক্ষিণ এশিয়ার প্রায় তিন ডজন দেশের মধ্যে এখনো এ বিষয়ে আইনি ব্যতিক্রম রয়েছে। এ অঞ্চলে কেবল মালদ্বীপেই বিবাহিত স্ত্রীর ধর্ষণের ক্ষেত্রে অন্য যেকোনো ধর্ষণের মতো একই শাস্তির বিধান রয়েছে।

গবেষণা অনুযায়ী, নেপাল ও ভুটানে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত হলেও এর শাস্তি সাধারণ ধর্ষণের তুলনায় কম। দক্ষিণ এশিয়ার আটটি দেশের নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’ এ গবেষণা পরিচালনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনের ভিত্তি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের আইন। আন্তর্জাতিক নারী অধিকার সংগঠন ইকুয়ালিটি নাউয়ের প্রতিনিধি ও ‘সমাজ’ জোটের সদস্য রঞ্জিতা সিলওয়ালের মতে, ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালের এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালের আইন থেকে এ ধরনের ব্যতিক্রমের সূত্রপাত।

এসব আইনে ধর্ষণের সংজ্ঞায় কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখা হয়েছে। নারী অধিকারকর্মীরা বলছেন, এ আইন সময়ের সঙ্গে অসংগতিপূর্ণ হয়ে পড়েছে। তাদের মতে, সম্মতি ছাড়া যৌন সম্পর্ক ধর্ষণ—সম্পর্কের পরিচয় বা অপরাধীর সঙ্গে ভুক্তভোগীর বৈবাহিক সম্পর্ক যা-ই হোক না কেন।

গবেষকদের মতে, বৈবাহিক যৌন সহিংসতা নারীর শারীরিক, মানসিক, আবেগিক ও যৌনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যুক্তরাজ্যসহ বিশ্বের শতাধিক দেশে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত। যুক্তরাজ্য ১৯৯১ সালে এ বিষয়ে আইনের পরিবর্তন আনে।

পাকিস্তান ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনি ব্যতিক্রম তুলে দিলেও দেশটির উচ্চ আদালতগুলো এখনো বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণের আইনগত প্রয়োগ নিশ্চিত করেনি। বরং সাম্প্রতিক একটি উচ্চ আদালতের রায়ে সম্মতিহীন যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক দায়মুক্তি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থাগুলো ক্রমেই সংকুচিত হয়েছে। রঞ্জিতা সিলওয়ালের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রবর্তিত নতুন দণ্ডবিধিতে নারীর সুরক্ষার বিষয়টি আরও দুর্বল হয়েছে। ওই বিধি অনুযায়ী, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ওপর সহিংসতার অভিযোগে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে হাড় ভাঙা, খোলা ক্ষত বা গুরুতর কালশিটে দাগের মতো আঘাতের শর্ত রাখা হয়েছে। এমন অপরাধে দোষী সাব্যস্ত হলেও শাস্তি মাত্র ১৫ দিনের কারাদণ্ড।

নতুন দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের বিষয়ে সরাসরি কোনো উল্লেখ নেই। তবে সহিংসতার সংকীর্ণ সংজ্ঞার কারণে এ ধরনের নির্যাতনের শিকার নারীরা কার্যত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন নারী অধিকারকর্মীরা।

বিবিসিকে রঞ্জিতা সিলওয়াল বলেন, বৈবাহিক সম্পর্কের মধ্যে যৌন সম্মতি আগে থেকেই দেওয়া আছে—এমন ধারণা থেকেই এ ধরনের আইনি অবস্থানের জন্ম। অর্থাৎ বিয়ের পর নারীর সম্মতির আর প্রয়োজন নেই বলে মনে করা হয়। তার মতে, এ ধারণা নারীদের সম্পত্তি হিসেবে দেখার পুরোনো পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন।

এদিকে দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নতুন করে জোরালো হয়েছে। ভারতে এ-সংক্রান্ত আইনি ব্যতিক্রম চ্যালেঞ্জ করে করা ১০টি আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ৯ ডিসেম্বর থেকে এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতের বিভিন্ন আদালত অতীতে এ বিষয়ে পরস্পরবিরোধী রায় দিয়েছেন। কয়েকজন বিচারক প্রচলিত আইনকে পুরোনো ও সময়ের সঙ্গে অসংগতিপূর্ণ উল্লেখ করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আইনসভাকে আহ্বান জানিয়েছেন। গত বছর এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীর মৃত্যুর আগে ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও আদালত তাকে অব্যাহতি দেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে ভারতের সরকার, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও পুরুষ অধিকারকর্মীরা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছেন। তাদের যুক্তি, এ ধরনের আইন পরিবারব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের আশঙ্কার কথাও তুলে ধরেছেন তারা।

বাংলাদেশেও বৈবাহিক ধর্ষণের আইনি ব্যতিক্রমের বিরুদ্ধে নারী অধিকার সংগঠনগুলো আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের যুক্তি, এ ধরনের ব্যতিক্রম সংবিধানে স্বীকৃত জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার অধিকারের পরিপন্থী।

গবেষণায় বলা হয়েছে, কেবল আইন পরিবর্তন করলেই নির্যাতনের শিকার নারীরা ন্যায়বিচার পাবেন, এমন নিশ্চয়তা নেই। ভুটানের উদাহরণ দিয়ে রঞ্জিতা সিলওয়াল বলেন, দেশটিতে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও একে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে শাস্তি এক মাস থেকে এক বছর পর্যন্ত।

অন্যদিকে নেপালে সাধারণ ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত হলেও স্ত্রীকে ধর্ষণের ক্ষেত্রে স্বামীর সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর। ফলে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমান শাস্তি ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট অধিকারকর্মীরা।

সূত্র: বিবিসি 

কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  বৈবাহিক ধর্ষণ   বাংলাদেশে বৈবাহিক ধর্ষণ আইন   নারী অধিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close