স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ায় দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল।
তিনি জানান, ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট নিরূপণে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদারের আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেন।
কেকে/সাশ