জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের উদ্যোগ সফল করা সম্ভব নয়। এতে নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের রায় মেনে নেওয়া ও জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য থাকলেও নির্বাচনের পর সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য নতুন কমিটি গঠনের পরিবর্তে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে সাত মাসের আলোচনায় ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর নিয়োগের অভিযোগ উঠছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি, দখল বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা জনজীবনে অস্থিরতা তৈরি করছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত দলীয় স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করার মতো বিষয়ে সংলাপে অংশ নিতে আগ্রহী।
দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপের কথা উল্লেখ করে তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনা করার ওপরও গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ কী পাচ্ছে এবং কী ছাড় দিচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
কেকে/সাশ