কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবেন না, একমাত্র শীত আসবে।’ এ সময় শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। বিজয় দিবসসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ডিসেম্বর আনন্দের মাস হবে। তবে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।’
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বর এলে ‘শেখ আসবে না’। তিনি এখন মূল্যহীন ও অপ্রাসঙ্গিক। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরতে হবে এবং হাতকড়া পরিয়ে দেশে আনা হবে।’
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে নিয়ে ভারতও চ্যালেঞ্জ ও অস্বস্তির মধ্যে রয়েছে। একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে রাখার জটিলতা ভারত উপলব্ধি করছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতেই এমন ব্যক্তির উপস্থিতি দেখা যায়। বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হবে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।’
কেকে/ এসএমএন