সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পথ অবলম্বন করে আওয়ামী লীগের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, ‘ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে মানুষকে জিম্মি করা হয়েছিল, এখন ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরও একই পথে ফিরে আসার কোনো চেষ্টা দেশের মানুষ গ্রহণ করবে না। দেশকে পরিকল্পিত নৈরাজ্য ও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের বিশেষ সভায় সাইফুল হক এসব কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে ডিসেম্বরে হাসিনার ফিরে আসার নানা কথা বলা হচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে ফিরে আসার প্রশ্নটি কেবল তাদের ঘোষণায় নির্ধারিত হবে না, রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই এর নিষ্পত্তি হতে হবে। সন্ত্রাস ও সহিংসতার পথ অবলম্বন করে, মানুষকে জিম্মি করে কিংবা দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।’
‘আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সন্ত্রাস ও দমন পীড়নের যে রাজনীতি করেছে, ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরও যদি সেই একই রাজনীতির পথে ফিরে আসার চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আড়াই বছর পর ফিরে আসার কথা বললেই ফিরে আসার রাজনৈতিক অধিকার তৈরি হয় না। জনগণের কাছে তাদের অতীত কর্মকাণ্ডের জবাবদিহি এবং দায় স্বীকারের প্রশ্নটি সামনে থাকবে।’
সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভের প্রকাশ করে সাইফুল হক বলেন, ‘দেশের মানুষকে জিম্মি করে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অগ্নিসংযোগ, সহিংসতা ও প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা যেমন বন্ধ করতে হবে, তেমনি এর পাল্টা প্রতিশোধের রাজনীতিও কোনোভাবেই চলতে দেওয়া যাবে না।’
‘রাষ্ট্রকে আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সাম্প্রদায়িক উসকানির আশঙ্কা সম্পর্কে সতর্ক করে সাইফুল হক বলেন, ‘চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন ও উসকানি তৈরি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়ে আসছে। কোনো রাজনৈতিক স্বার্থে এই সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’
‘দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার কোনো রাজনৈতিক বৈধতা নেই। একইভাবে প্রতিশোধের রাজনীতিরও কোনো ভবিষ্যৎ নেই। জনগণের জানমাল ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সব ধরনের উসকানি ও সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সভায় সাম্প্রতিক সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির অপচেষ্টার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
কেকে/এমএ