প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা এতে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই ঐক্যের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টিও যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণ-অভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়, দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।’
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপস না করার আহ্বান জানিয়েছে এনসিপি। পাশাপাশি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছি। সরকার আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।’
বৈঠকে ভারতের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, ভারত নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিচ্ছে। সীমান্তে বিজেপির সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারাও যুক্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এখন লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়, এটি ভূখণ্ড ও ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত জড়িত এবং তারা বিশ্বব্যাপী ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নাকচ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না, বরং আওয়ামী লীগের আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারতই সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।’
বৈঠকে আলোচনার বিষয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি তা বাস্তবায়ন করবে।’
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই মতবিনিময়ে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘নির্বাচিত সরকার যে রাজনৈতিক সহাবস্থান চায়, আজকের বৈঠক তারই প্রমাণ।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নয়, জুলাই গণ-অভ্যুত্থানেই সেই ঐক্য হয়ে গেছে। এনসিপি তাদের দাবিগুলো বলেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।’
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’
কেকে/ এসএমএন