রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজনসহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব স উ ম আবদুস সামাদ।
দলটির সাত দাবি হচ্ছে— হিংসাত্মক, প্রতিহিংসামূলক ও ধ্বংসাত্মক রাজনীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা; মব সন্ত্রাস, গণপিটুনি, দখলদারত্ব ও বিচারবহির্ভূত সহিংসতা বন্ধ করে ৫ আগস্ট-পরবর্তী অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা; যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এআরটি চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ, অর্থনৈতিক মূল্যায়ন ও জাতীয় স্বার্থবিরোধী শর্ত সংশোধন, প্রয়োজনে চুক্তি বাতিল করা। এছাড়াও, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা চুক্তি পুনর্মূল্যায়ন ও বাতিলের উদ্যোগ নেওয়া; পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করে পাহাড়ি-বাঙালি সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা; নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন এবং রাষ্ট্রীয় সংকট উত্তরণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা; পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন, প্রশাসনের নিরপেক্ষতা ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুস সামাদ বলেন, ‘দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, মব সন্ত্রাস, দখলদারত্ব, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। গণঅভ্যুত্থানের সার্থকতা কেবল ক্ষমতার পালাবদলে নয়, বরং রাষ্ট্রের চরিত্রে ইতিবাচক পরিবর্তন এবং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।’
তিনি আরও বলেন, ‘জাতীয় স্বার্থ কোনো দলীয় স্বার্থ নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় সব রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ জন্য নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ আয়োজন করতে হবে।’
আবদুস সামাদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির পূর্ণাঙ্গ শর্ত জনসমক্ষে প্রকাশ করতে হবে। স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে এর অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং জাতীয় স্বার্থের পরিপন্থী শর্ত সংশোধন করতে হবে। সংশোধন সম্ভব না হলে চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে।’
মব সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, ‘কাউকে অপরাধী, ধর্ম অবমাননাকারী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ আখ্যা দিয়ে মারধর, হত্যা বা তার সম্পদে হামলা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত ও বিচার আদালতের মাধ্যমে হতে হবে। মবের হাতে বিচার আইনের শাসনের পরাজয়।’
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে আবদুস সামাদ বলেন, ‘সেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও সংঘর্ষ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পার্বত্য অঞ্চলে স্থায়ী সেনাক্যাম্প প্রতিষ্ঠা করতে হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ