শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      
রাজনীতি
পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি তৃণমূল নেতাকর্মীদের
শেরেবাংলা নগর থানা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী
নিজাম উদ্দিন, ঢাকা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম
ওপরে বাম থেকে মো. আতিকুর রহমান অপু ও মো. শাহ জামাল বাবু। নিচে বাম থেকে খান আহসান রেজা, মো. রিপন হোসেন লিটন ও মো. মাঈনউদ্দীন।

ওপরে বাম থেকে মো. আতিকুর রহমান অপু ও মো. শাহ জামাল বাবু। নিচে বাম থেকে খান আহসান রেজা, মো. রিপন হোসেন লিটন ও মো. মাঈনউদ্দীন।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা শেরেবাংলা নগর থানা যুবদলের নেতৃত্বে আসতে চান একাধিক নেতা। থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা ও তৎপরতা। অন্যদিকে, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তাদের দাবি, এবার সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ থানা ও ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।

শেরেবাংলা নগর এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিভিন্ন অধিদপ্তর অবস্থিত। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় এলাকাটির রাজনৈতিক গুরুত্বও রয়েছে। স্থানীয় যুবদল নেতাকর্মীদের অভিযোগ, প্রায় দুই দশক ধরে এ এলাকায় ওয়ার্ড কমিটি নেই। শুধু থানা আহ্বায়ক কমিটির মাধ্যমে এতদিন সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে অনেক নেতাকর্মী রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দীর্ঘদিন পদ-পদবি না পাওয়ায় তৃণমূলের অনেকের মধ্যে ক্ষোভও রয়েছে।

সভাপতি পদপ্রার্থী মো. আতিকুর রহমান অপু :

শেরেবাংলা নগর থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী হয়েছেন সদ্য সাবেক সভাপতি মো. আতিকুর রহমান অপু। তিনি জানান, ১৯৯১ সালে পশ্চিম রাজাবাজার ইউনিট ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সাংগঠনিক পথচলা শুরু। তখন তেজগাঁও কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি।

১৯৯২ সালে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ১৯৯৪ সালে ৪০ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ৯৯/২৭/২৬ নম্বর ওয়ার্ড) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৮ সালে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৩ সালে তেজগাঁও থানা যুবদলের প্রচার সম্পাদক এবং ২০০৯ সালে জাসাসের শেরেবাংলা নগর থানার সাধারণ সম্পাদক ও মহানগর উত্তর জাসাসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে শেরেবাংলা নগর থানা যুবদলের আহ্বায়ক হন।

আতিকুর রহমান বলেন, ‘বর্তমানে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এলাকাটিতে। তাই নতুন করে থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী হয়েছি। দল যদি আমাকে বিবেচনায় নিয়ে দায়িত্ব দেয়, তাহলে একটি শক্তিশালী থানা কমিটি গঠন করব।’

রাজনীতিতে আসার বিষয়ে তিনি জানান, তার বাবা খলিলুর রহমান মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। বাবার হাত ধরেই বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন তিনি।

আতিকুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে এসেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে ৫৪টি রাজনৈতিক মামলা ছিল। তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং তিনবার কারাগারে যেতে হয়েছে বলে দাবি করেন তিনি। আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন বলেও জানান। বর্তমানে শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট রয়েছে বলে দাবি করেন এই নেতা।

সভাপতি পদপ্রার্থী মো. শাহ জামাল বাবু :

শেরেবাংলা নগর থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী হয়েছেন মো. শাহ জামাল বাবু। তিনি দীর্ঘদিন থানাটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সদ্য সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এবার সভাপতি পদে দায়িত্ব পেতে চান তিনি।

শাহ জামাল বাবু বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ছোটবেলা থেকেই বিএনপির প্রতি টান ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বিএনপির রাজনীতি করে এসেছি। এর মধ্যে অঙ্গসংগঠন যুবদলের শেরেবাংলা নগর থানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমার কাছে যুবদলের কর্মীরা সন্তানের মতো।’

তিনি জানান, ১৯৯৮ সালে কাজী অফিস ইউনিট ছাত্রদলের সভাপতি ছিলেন। ১৯৯৯ সালে সাবেক ৪১ নম্বর ওয়ার্ড, বর্তমানে ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হন। ২০০২ সালে বৃহত্তর মোহাম্মদপুর থানা জিয়ামঞ্চের যুগ্ম আহ্বায়ক এবং ২০১২ সালে শেরেবাংলা নগর থানা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন।

২০১৮ সালে নতুন করে আবারও তাকে সাধারণ সম্পাদক করা হয়। সে সময় মহানগর উত্তর যুবদলের সভাপতি ছিলেন এসএম জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন শফিকুল ইসলাম মিল্টন।

শাহ জামাল বাবু বলেন, দল তাকে থানার সভাপতির দায়িত্ব দিলে সাংগঠনিকভাবে একটি শক্তিশালী থানা কমিটি উপহার দিতে চান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৮টি রাজনৈতিক মামলার আসামি হয়েছিলেন শাহ জামাল বাবু। এ ছাড়া তার ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। নিজের ভাবমূর্তি ধরে রেখেছেন বলেও দাবি করেন এই নেতা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী খান আহসান রেজা :

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাসাস নেতা খান আহসান রেজা। তিনি জানান, ১৯৯৫ সালে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার পথচলা শুরু। ২০১৮ সালে শেরেবাংলা নগর থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি হন। ২০২২ সালে ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য এবং ২০২৩ সালে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে যুবদলের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হন। এরপর থেকে যুবদল কর্মীদের নিয়ে মাঠে রয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে তিনটি রাজনৈতিক মামলা হয়েছিল বলে জানান তিনি। এ ছাড়া ওই সময়ে ছাত্রদল ও যুবদলের একাধিক কর্মীকে আর্থিক সহায়তা দেওয়াসহ তিন মাস নিজ খরচে তাদের জীবনযাপনের ব্যবস্থা করেছিলেন বলে দাবি করেন। কাঙ্ক্ষিত দায়িত্ব পেলে এলাকায় একটি শক্তিশালী থানা কমিটি গঠন করতে চান তিনি।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রিপন হোসেন লিটন :

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. রিপন হোসেন লিটন। তিনি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। থানার নেতৃত্ব পেলে একটি আদর্শ থানা কমিটি গঠন করতে চান তিনি।

রিপন হোসেন জানান, ২০০৯ সাল থেকে যুবদলের রাজনীতি করছেন। ২০১২ সালে ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হন। পরে ২০২২ সালে কমিটি ভেঙে দেওয়া হলে শেরেবাংলা নগর থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জামাল বাবুর সঙ্গে থানা যুবদলের কর্মী হিসেবে কাজ করেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও রাজপথে ছিলেন, এখনো রয়েছেন। ছোটবেলা থেকেই বিএনপির প্রতি আকর্ষণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি শুরু করেন।

রিপন দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিজের অর্থ দিয়ে কর্মীদের পাশে ছিলেন। কখনো দলের নাম ভাঙিয়ে কোনো সুবিধা নেননি। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারত্বের সঙ্গে জড়িত ছিলেন না এবং কাউকে এসব করতে দেননি বলেও দাবি করেন তিনি। দায়িত্ব পেলে একটি সুসংগঠিত থানা কমিটি গঠন করতে চান।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মাঈনউদ্দীন :

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন যুবদল কর্মী মো. মাঈনউদ্দীন। তিনি জানান, ২০০৯ সালে ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০২২ সালে ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হন। এখনো ওই দায়িত্বে রয়েছেন।

মাঈনউদ্দীন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। ওই সময়ে তার বিরুদ্ধে পাঁচটি রাজনৈতিক মামলা হয়েছিল। ৫ আগস্টের পর মামলাগুলো নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেন তিনি।

ছোটবেলা থেকেই বিএনপির প্রতি ভালোবাসা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছেন বলে জানান মাঈনউদ্দীন। দল তাকে কাঙ্ক্ষিত দায়িত্ব দিলে সব ত্যাগী কর্মীকে নিয়ে একটি শক্তিশালী শেরেবাংলা নগর থানা কমিটি গঠন করতে চান তিনি।

মাঈনউদ্দীন বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজনীতিকে ঘৃণা করেন। থানার এলাকায় সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনার পাশাপাশি নির্যাতন-নিপীড়নের শিকার কর্মীদের নিয়ে কাজ করতে চান।

আরও যারা প্রার্থী :

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আরও রয়েছেন মো. হোসেন আলী, মো. আল-আমীন, সায়মন কবির শাওন, মো. ছোটনসহ একাধিক যুবদল নেতা।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি তৃণমূলের :

স্থানীয় যুবদল নেতাকর্মীদের অভিযোগ, প্রায় দুই দশক ধরে শেরেবাংলা নগর থানায় পূর্ণাঙ্গ কমিটি নেই। শুধু আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় অনেক নেতাকর্মী পদ-পদবি থেকে বঞ্চিত হয়েছেন। এতে কেউ কেউ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

তাদের দাবি, এবার সম্মেলনের মাধ্যমে শেরেবাংলা নগর থানা ও ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতাদের প্রতি তাদের আহ্বান, তৃণমূলের মতামত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে একটি স্বচ্ছ কমিটি গঠন করা হোক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পূর্ণাঙ্গ কমিটি গঠন   তৃণমূল নেতাকর্মী   শেরেবাংলা নগর থানা যুবদল   সভাপতি   সাধারণ সম্পাদক পদ   একাধিক প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close