জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্তে আসার দুঃসাহস আপনি যা দেখাচ্ছেন, আপনি আসবেন কি, আমরা ভারতে ঢুকে আপনাকে ধরে নিয়ে বাংলাদেশ এনে ফাঁসিতে ঝুলাবো। অনেকে বলে শেখ হাসিনা কি আসবে? আরে এতো চোর, বাংলাদেশের মানুষের ওপর গুলি চালিয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা একটা চোর, এই চোরকে ধরে এনে আমাদের শাস্তি দিতে হবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এনসিপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘গত ৮ মাসে আমরা দেখেছি, বিএনপি আওয়ামী লীগ কুসুম কুসুম পিরিতি হয়েছিল। এদের পিরিত এখন পিরিত কই গেছে? আমরা আওয়ামী লীগ এবং বিএনপিকে বলব, যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে মনে রাখবেন লক্ষ কোটি জনতা তৈরি হয়েছে; যারা আপনাদের এই সিস্টেম আর বাংলাদেশের মেনে নিবে না।’
‘আমরা নির্বাচনের সময় বলেছিলাম তারেক রহমান আওয়ামী লীগের সাথে আঁতাত করবেন না। করেছে গর্তে পড়েছে। আমরা আবারও বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন না। মিলিটারি থেকে, সিভিল সার্ভিস থেকে সিভিল সোসাইটি থেকে গার্মেন্টস থেকে প্রত্যেক জায়গা থেকে আওয়ামী লীগকে তাড়াতে হবে। যদি সরকার তাদেরকে তাড়াতে না পারে, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য এই দায়িত্ব নিব। জনতার স্লোগান, জনতার কণ্ঠ শহীদ ওসমান হাদী। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার হয়েছে? তারেক রহমান কেন বিচার করছে না। আমাদের ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে ক্ষমতায় গিয়ে যদি তারেক রহমান ক্ষমতায় গিয়ে ওসমান হাদী ভাইয়ের বিচার পিছিয়ে আছে। তাহলে আমরা ক্ষমতায় গিয়ে ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করব।’
তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘গাজীপুর শ্রমিক অঞ্চল শ্রমিকরা যদি ভাল থাকে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিক যদি ভালো না থাকে, বাংলাদেশ ভালো থাকবে না। শ্রমিকের উপরে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী। শ্রমিকদের রক্তের সাথে বেঈমানি করবেন না। আপনি মালিক পক্ষের সাথে গেছেন ভালো কথা চান্দা তোলার জন্য সিন্ডিকেট করার জন্য।’
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কিসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা জানি না। তবে ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি, গোলটেবিলে কোনো বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয়, তবে গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে।’
ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মোদি সরকারকে বলব, আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, তার নিশ্চয়তা দিতে পারি না। বাংলাদেশে শান্তি থাকলে ভারতে শান্তি থাকবে, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। ভারতীয় আধিপত্যবাদ এ দেশে চলবে না।’
সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার।
কেকে/এমএ