পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পুঁজিবাজারের অংশীজনদের পঞ্চম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটির আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিএসইসি-কে অধিকতর শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক গঠিত কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মোও আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন এবং পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুঁজিবাজারের অংশীজনদের সাথে পুঁজিবাজারের বর্তমান অবস্থাসহ পুঁজিবাজারের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভায় আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘চিহ্নিত প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো সমাধানে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। সমাধানের জন্য সকলকে সহযোগী হয়ে একসাথে কাজ করতে হবে। অংশীজন সভা এ জন্যই এবং এ ধরনের মেকানিজম চালু করতে পেরেছি বলে ভালো লাগছে।’
সকলের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়নের উপর জোর দেন আনিসুজ্জামান চৌধুরী।
সমাপ্ত বছরে সকলের প্রচেষ্টায় ও সহযোগীতায় সংস্কার সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
আনিসুজ্জামান চৌধুরী বিদ্যমান চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধান করার নির্দেশনা দেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় লক্ষ্য স্থির করে পুঁজিবাজার উন্নয়নে বাজার সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান।
সভায় পুঁজিবাজার উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা ২০২৫’, ‘বিএসইসি মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫’, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইক্যুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা ২০২৫’, পুঁজিবাজারের উন্নয়নে ৫ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ, নতুন পণ্য আনয়ন, রোড শো, ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ ও অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা, কমোডিটি এক্সচেঞ্জ চালুকরণ, পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে এপিআই কানেকটিভিটি বৃদ্ধি, পুঁজিবাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণ, মার্জার ও একুইজিশন, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, সিসিবিএলের রেজিস্ট্রেশন ও অপারেশনে আনয়ন, মার্চেন্ট ব্যাংকের কাজের পরিধি বৃদ্ধিকরণ, বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণ, বাংলাদেশ টেলিভিশনে পাক্ষিক ভিত্তিতে বিনিয়োগ শিক্ষার উপর অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় উদ্যোগ গ্রহণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে কমিশনের উদ্যোগ-কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, ‘মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫- এ তিনটি রুলস পুঁজিবাজারের সংস্কারের পথে আমাদের প্রধানতম তিনটি কাজ এবং আমরা ২০২৫ সালের মধ্যেই এগুলো সম্পন্ন করেছি। এর মাধ্যমে পুঁজিবাজারের আইনী সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে। পুঁজিবাজারের হৃত্পিণ্ড হল আইপিও। ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫’-এর মাধ্যমে বাজারে নতুন আইপিও আসার পথ সুগম হয়েছে। এই সুযোগকে স্বদব্যবহারের সময় এখনই। এজন্য বাজার সংশ্লিষ্টদের কাজ করতে হবে।’
খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের কাজে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর সহায়ক ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সর্বোপরি, পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে বাজার অংশীজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান তিনি।
ঢাকা স্টক এক্সচেঞ্চের পিএলসি (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান মো. ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আ স ম খায়রুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার ও কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির সিইও মো. আল আমিন তালুকদার, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ডিএসইর ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হাসনাইন বারী, সিডিবিএলের সিএফও মুহাম্মদ শহিদুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
কেকে/এমএ