বাংলাদেশে তৈরি সাত আসনের এসইউভি চাঙ্গান সিএস৭৫ প্রো বাজারে এনেছে ডিএইচএস অটোস লিমিটেড। একই অনুষ্ঠানে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি চাঙ্গান নেভো কিউ০৫ ইভি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সিএস৭৫ প্রো গাড়িটির প্রারম্ভিক দাম ৩৪ লাখ টাকা এবং নেভো কিউ০৫ ইভির দাম ৪৬ লাখ ৯০ হাজার টাকা।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে গাড়ি দুটি বাজারে আনা ও উন্মোচন করা হয়।
বাংলাদেশে তৈরি প্রথম চীনা যাত্রীবাহী গাড়ি হিসেবে সিএস৭৫ প্রোকে দেশের অটোমোবাইল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ডিএইচএস অটোস।
‘বিল্ট উইথ প্রাইড ইন বাংলাদেশ’ স্লোগানে বাজারে আসা সিএস৭৫ প্রোতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, ১৯ ইঞ্চি টাইটেনিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল, প্যানোরমিক সানরুফ এবং সামনের আসনে ভেন্টিলেশন ও হিটিং সুবিধা। গাড়িটির প্রধান যন্ত্রাংশে পাঁচ বছরের ওয়ারেন্টি ও দুই বছরের বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়া হবে।
অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক নেভো কিউ০৫ ইভিতে রয়েছে ১৬৩ হর্সপাওয়ারের (১২০ কিলোওয়াট) মোটর, একবার চার্জে ৪৬২ কিলোমিটার চলার সক্ষমতা (এনইডিসি মান অনুযায়ী) এবং ফাস্ট চার্জিং সুবিধা। গাড়িটির ব্যাটারি ও মোটরের জন্য আট বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা রয়েছে।
অনুষ্ঠানে চাঙ্গান অটোমোবিলসের প্রতিনিধি উঁ ঝংচিং বলেন, ‘বাংলাদেশ চাঙ্গানের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। স্থানীয় গ্রাহকদের কাছে বিশ্বমানের অটোমোটিভ প্রযুক্তি ও পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। ডিএইচএস অটোসের সঙ্গে অংশীদারত্ব এবং র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাংলাদেশের অটোমোবাইল শিল্পের প্রতি চাঙ্গানের আস্থা ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এ যাত্রায় সিএস৭৫ প্রো একটি গর্বের মাইলফলক।’
ডিএইচএস অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফহান রউফ চৌধুরী বলেন, ‘সিএস৭৫ প্রো বাজারে আনা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় উল্লেখযোগ্য মাইলফলক। বাংলাদেশে শীর্ষস্থানীয় অটোমোটিভ ব্যবসা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ‘হাউস অব ব্র্যান্ডস’ প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে ডিএইচএস অটোস। ভবিষ্যতে ব্র্যান্ডের পরিসর বাড়ানোর পাশাপাশি স্থানীয় উৎপাদন সক্ষমতা জোরদার, বিতরণ ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য বিশ্বমানের পরিবহনসেবা চালুর পরিকল্পনা রয়েছে।’
প্রতিষ্ঠানটির বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ বলেন, ‘নতুন প্রজন্মের প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ভেহিকল, কানেক্টেড ইকোসিস্টেম ও আধুনিক স্মার্ট পরিবহনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের অটোমোটিভ খাতের ভবিষ্যৎ এগিয়ে নিতে কাজ করছে ডিএইচএস অটোস। উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে চাঙ্গান ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের অটোমোবাইল শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।’
ডিএইচএস অটোস জানিয়েছে, গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দিতে ঢাকা ও চট্টগ্রামে তাদের নিজস্ব সার্ভিস নেটওয়ার্ক রয়েছে। এসব কেন্দ্রে নিয়মিত সার্ভিসিং, আসল যন্ত্রাংশ সরবরাহ এবং পেশাদার কারিগরি সহায়তা দেওয়া হবে।
চাঙ্গান সিএস৭৫ প্রো ও নেভো কিউ০৫ ইভি পাওয়া যাবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় র্যাংগস ব্যাবিলোনিয়া শোরুমে। শোরুমটির ঠিকানা ২৪৬ বীর উত্তম মীর শওকত সরণি, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮। সেখানে গাড়ি দেখার পাশাপাশি বিক্রয়সংক্রান্ত তথ্য ও সহযোগিতা পাবেন আগ্রহী ক্রেতারা। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আসল যন্ত্রাংশ সরবরাহসহ বিক্রয়োত্তর সেবাও দেবে ডিএইচএস সার্ভিস।
কেকে/ এসএমএন