হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাচ্ছে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এ লক্ষ্যে আগামীকাল ৩০ নভেম্বর জাপানি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির আওতায় টার্মিনাল পরিচালনা, রক্ষণাবেক্ষণ, যাত্রীসেবা, কার্গো হ্যান্ডলিং ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।
রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং আইনগত যাচাই-বাছাই শেষে দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে।’
বেবিচক চেয়ারম্যান জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। এরপর আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট স্থানান্তরের দিন থেকে ১৫ বছরের মেয়াদ গণনা শুরু হবে। পরিচালনাকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন ও নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, স্থাপন এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণের দায়িত্বও পালন করবে।
রাজস্বের ১৩.৫ শতাংশ পাবে বেবিচক
চুক্তি অনুযায়ী, কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। টার্মিনালের নির্ধারিত বা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের মধ্যে যেটি আগে ঘটবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
অন্যদিকে এমবার্কেশন ফি, বোর্ডিং ব্রিজ ব্যবহার, দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে কনসোর্টিয়াম। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান ও নিজস্ব ব্যবস্থাপনায় এ সেবা পরিচালনাকারীদের কাছ থেকে রয়্যালটি পাবে তারা। কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও প্রতি টনের বিপরীতে মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।
নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে বেবিচকের হাতে
টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে গেলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট সরকারি সংস্থার হাতে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ ও অন্যান্য নন-সিডিউল ফ্লাইটের জন্য ব্যবহার করা যাবে।
সেবার মানে ব্যর্থ হলে জরিমানা
যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, লিফট-এসকেলেটর, চেক-ইন, লাগেজ সরবরাহ ও কার্গো ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ পার্কিংয়ে থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ লাগেজ সরবরাহের সময় ন্যারো-বডি উড়োজাহাজের জন্য ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির জন্য ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বিজনেস ক্লাসের যাত্রীদের চেক-ইনে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখতে হবে। ব্যাগেজ হ্যান্ডলিং, স্বয়ংক্রিয় চেক-ইন ও ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখার শর্ত রয়েছে। এসব মানদণ্ড পূরণে ব্যর্থ হলে প্রতিটি ঘটনার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।
বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা
প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে।
এ ছাড়া রয়েছে ১২টি বোর্ডিং ব্রিজ, ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে, ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্যানিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি মেটাল ডিটেক্টর ও ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। বহুতল পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখা যাবে।
নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন। বেবিচকের দাবি, এটি চালু হলে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়বে।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের আধুনিক অবকাঠামো ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক মানের পরিচালন ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে দেশের বিমান পরিবহন সক্ষমতা, আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে। তবে পরিচালনাকারী প্রতিষ্ঠানের সব কার্যক্রম বেবিচকের নিয়মিত তদারকির আওতায় থাকবে।
কেকে/ এসএমএন