মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
অর্থনীতি
নির্বাচিত এমপিদের ৫৯ শতাংশই ব্যবসায়ী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রতিনিধিদের পেশাগত পরিচয়ে স্পষ্ট হয়েছে একটি প্রবণতা—সংসদে ব্যবসায়ীদের শক্ত অবস্থান। বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচিত এমপিদের ৫৯ শতাংশই ব্যবসায়ী; পাশাপাশি ৮৩ শতাংশ উচ্চশিক্ষিত এবং ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। হলফনামার তথ্যভিত্তিক এ চিত্র নতুন সংসদের নীতি-নির্ধারণে সম্ভাব্য প্রভাব ও স্বার্থসংঘাত নিয়ে আলোচনা উসকে দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুইটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)। ফলে, বিশ্লেষণ করা গেছে ২৯৭ জন প্রার্থীর তথ্য।

নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য নেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেওয়া তাদের হলফনামা থেকে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেওয়া বাধ্যতামূলক করা হয়। এবারের হলফনামায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলার তথ্য, আয় ও সম্পদসহ ১০ ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যবসায়ী ১৭৪ জন : 

সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর মধ্যে ১৭৪ জন নিজেদের পেশা হিসেবে ব্যবসায় উল্লেখ করেছেন। কেউ কেউ একাধিক পেশার কথা উল্লেখ করেছেন। সে ক্ষেত্রে হিসাবের সুবিধার জন্য প্রথমে যে পেশার নাম তিনি লিখেছেন, সেটাকেই তার মূল পেশা হিসেবে ধরা হয়েছে।

নির্বাচনে বিএনপি একাই ২০৯টি আসন পেয়েছে। দলটির বিজয়ী প্রার্থীদের মধ্যে ১৪৫ জনই নিজেদের পেশা ব্যবসায় উল্লেখ করেছেন, যা দলের মোট জয়ী প্রার্থীর ৬৯ শতাংশ। জামায়াতের ৬৮ জনের মধ্যে ২০ জন নিজেদের পেশা ব্যবসায় উল্লেখ করেছেন, যা দলের মোট জয়ী প্রার্থীর ২৯ শতাংশ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে দুইজন ব্যবসায়ী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হওয়া ৭ প্রার্থীর মধ্যে পাঁচজন ব্যবসায়ী। তারা সবাই বিএনপির নেতা ছিলেন। অন্যদের মধ্যে দুইজন ব্যবসায়ী।

দুর্নীতি প্রতিরোধে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে ব‍্যবসায় ও রাজনীতি একাকার হয়; রাজনীতি ব‍্যবসায়িক মুনাফার পুঁজিতে পরিণত হয়। স্বার্থান্বেষী ব্যবসায়ী মহলের প্রভাবে আইনি ও নীতিকাঠামো দখল হয়; সরকারি ক্রয় খাত রাজনৈতিক যোগসাজশে ক্ষমতাধরদের করায়ত্ত হয়।’

তিনি আরও বলেন, 

‘সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে সুস্থ ও প্রতিযোগিতামূলক ব‍্যবসায়ের পরিবেশ বিনষ্ট হয়, জ্বালানি-বিদ‍্যুৎ, ব‍্যাংক ও আর্থিকসহ বিভিন্ন খাতে লুটপাট, কর ফাঁকি ও চালান জালিয়াতির মাধ্যমে অপ্রতিরোধ্য অর্থ পাচার হয়, ব‍্যবসায় ও রাজনীতি উভয়ই দুর্বৃত্তায়িত হয়।’

১৩তম জাতীয় সংসদে ব্যবসায়ীদের উচ্চ উপস্থিতি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ প্রতিনিধিদের আধিক্য নীতি প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, অন্যদিকে ব্যবসায়িক স্বার্থ ও রাজনীতির ঘনিষ্ঠতা স্বার্থসংঘাতের আশঙ্কাও বাড়ায়। ফলে নতুন সংসদের সামনে বড় চ্যালেঞ্জ হবে—স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সংগত প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করে জনগণের আস্থা অটুট রাখা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচিত এমপি   ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close