সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
প্রিয় ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ, বিভাগে তালা
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা। 
  
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভাগের মূল ফটকে তালা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, আর্থিক অনিয়মের সুস্পষ্ট অভিযোগসহ উপাচার্য ও বিভাগীয় প্রধান বরাবর স্মারকলিপি প্রদানের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রকার পদক্ষেপ নেয়নি প্রশাসন। 
 
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মধুপুর বনে বনভোজনের আয়োজন করা হয়। বনভোজন শেষে সন্ধ্যায় ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীদের তিনজন লক্ষ্য করেন, তাদের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সকলের ব্যাগ ও শরীর তল্লাশি করার দাবি তোলেন। তল্লাশির এক পর্যায়ে একজন শিক্ষিকার কাছ থেকে একটি কার্ড ও টাকা উদ্ধার হয়। যদিও তিনি শুরুতে দাবি করেন তার কাছে শুধু ভিসা কার্ড ছিল, কিন্তু তল্লাশিতে টাকাও বের হয়ে আসে। সকলে উক্ত পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে পড়েন এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমসহ বিভাগের সকল কার্যক্রম হতে উক্ত শিক্ষককে বর্জনের ও বিরত রাখার দাবি তোলেন। এরই প্রেক্ষিতে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান এবং উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, টাকা চুরির বিষয়টি পেশাগত ও দায়িত্ববোধ পরিপন্থী কাজ। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর দায় চাপানোরও চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষিকা, যা শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। যার ফলে আমাদের একাডেমিক কার্যক্রম অনেকাংশেই বাধাপ্রাপ্ত হচ্ছে। এজন্য আমরা তাকে সকল একাডেমিক কার্যক্রম হতে বিরত রাখার জন্য অনুরোধ করছি।

এর আগেও পরীক্ষার ডিউটি প্রদানকালে অন্তত তিনটি ব্যাচ থেকে শিক্ষার্থীদের সামনে রাখা পার্স থেকে টাকা সরানো এবং ছাত্রদের ফিল্ডওয়ার্ক থেকে ট্যাক্সের নামে টাকা সরানোর অভিযোগ রয়েছে উক্ত শিক্ষিকার বিরুদ্ধে। বনভোজনে চুরির বিষয়টি প্রকাশ্যে আসার পর এমন অভিযোগ জানিয়েছেন বিভাগটির সাবেক শিক্ষার্থীরা।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিমা বলেন, সেমিস্টার পরীক্ষা চলাকালীন আমাদের ব্যাগ থেকে প্রায় সময় টাকা চুরি হতো। আমরা একাধিক শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষিকাকে আমাদের ব্যাগে হাত দিতেও দেখেছি। সম্প্রতি বনভোজনে শিক্ষক, শিক্ষার্থীদের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনায় তল্লাশি করা হলে উক্ত শিক্ষিকার কাছে অতিরিক্ত টাকা পাওয়া যায়। অথচ তল্লাশি করার পূর্বে তিনি ঐ পরিমাণ টাকার কথা উল্লেখ করেননি। এর প্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানাই।

ফোকলোর বিভাগের আরেক শিক্ষার্থী তকিব হাসান বলেন, আমরা বিভাগীয় প্রধান ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা অভিযুক্ত শিক্ষিকার ক্লাস বর্জন করেছি এবং এই ঘটনার তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ বলেন, গত ৬ ফেব্রুয়ারি ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মধুপুর বনে পিকনিক আয়োজন করা হয়। হঠাৎ একজন শিক্ষার্থীর টাকা হারিয়েছে জানতে পারি। এরপর খেয়াল করে দেখি আমার ব্যাগ থেকেও ৬ হাজার টাকা হারিয়েছে। পরে তল্লাশি করা হলে একজন শিক্ষিকার কাছে চুরি হওয়া টাকা পাওয়া গেছে বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেদনপত্র পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই এবং বিশ্লেষণ করে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে।

তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষিকা। তিনি বলেন, এমন হীন বিষয়ে অভিযোগ নিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close