মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
অর্থনীতি
পাবনায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে আবারও বিতর্কিত চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। ফোরামের নেতৃবৃন্দের দাবি, অতীতে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া গোষ্ঠীকে পুনরায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে, যা সফল হলে ইসলামী ব্যাংকসহ দেশের আর্থিক খাত নতুন করে সংকটে পড়বে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডস্থ শহীদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন।

ফোরামের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকের গ্রাহক একরামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক আবু সালেহ মো. আব্দুল্লাহ, ব্যবসায়ী নূরে ইসলাম উজ্জ্বল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী ওবায়দুর রহমান খান, রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অতীতে বিভিন্ন প্রভাবশালী মহলের সহায়তায় দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ফলে ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম, করপোরেট সুশাসন এবং গ্রাহকদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’

তারা দাবি করেন, দীর্ঘদিনের অনিয়ম ও বিতর্কের পর ইসলামী ব্যাংক বর্তমানে ধীরে ধীরে একটি স্থিতিশীল অবস্থানে ফিরে আসার চেষ্টা করছে। এমন সময়ে পুনরায় বিতর্কিত গোষ্ঠীকে প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগ ব্যাংকের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

আব্দুর রহমান বলেন, ‘ব্যাংক পরিচালনা অবশ্যই আইন, নীতি ও সুশাসনের ভিত্তিতে হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে একটি জাতীয় গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানকে ব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না। গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংককে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ইসলামী ব্যাংক একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে। এই সময়ে অতীতের বিতর্কিত শক্তিকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ব্যাংকটিকে আবারও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। প্রয়োজনে গ্রাহকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।’

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর সরকারকে বহাল রাখার দাবি জানান। 

একই সঙ্গে অতীতে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ উদ্ধার, ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, ‘বর্তমান ব্যাংক রেজুলেশন অ্যাক্টসহ সংশ্লিষ্ট আইনসমূহ যুগোপযোগী করে সংশোধন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ব্যাংক লুটেরা, স্বার্থান্বেষী গোষ্ঠী বা বিতর্কিত ব্যক্তি পুনরায় কোনো ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করতে না পারে।’

ব্যাংক খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য কার্যকর সংস্কারেরও দাবি জানান তারা।

মানববন্ধনে সম্প্রতি ঢাকায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বক্তারা বলেন, ‘ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত গ্রাহকদের ওপর বলপ্রয়োগ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

তারা অভিযোগ করেন, ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে তাদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ এবং সাবেক চেয়ারম্যান ড. জায়েদুর রহমানকে পুনর্বহালের দাবিও জানানো হয়। 

বক্তারা মনে করেন, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল করতে গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।

বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের লক্ষ লক্ষ গ্রাহক, আমানতকারী ও প্রবাসী আয় প্রেরণকারীদের আস্থার প্রতীক। তাই ব্যাংকটির স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাহক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।’

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, গ্রাহকদের দাবি উপেক্ষা করা হলে এবং ব্যাংককে পুনরায় বিতর্কিত গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা করা হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম   পাবনায় মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close