মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, জানে না সরকার : মীর শাহে আলম      সৌদি পাইপলাইন বন্ধ, হামলায় তেলের সরবরাহ নিয়ে শঙ্কা      তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      
প্রযুক্তি
এআই শঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ১৫.০৯.২০২৬ ১১:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে শীর্ষ এআই কোম্পানিগুলোর নেতাদের সতর্কবার্তার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে এআই-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বড় দরপতন হয়েছে। এতে প্রযুক্তি খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের ওপর ভর করে সম্প্রতি বিশ্ব শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় উঠেছিল।

এআই খাতে এই বিক্রির চাপ দ্রুত ছড়িয়ে পড়ে। উচ্চাভিলাষী এআই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে কোম্পানিগুলো ক্রমেই ঋণ ও পারস্পরিক অর্থায়নের ওপর নির্ভর করছে। একই সময়ে বিশ্বজুড়ে ঋণের খরচও বাড়ছে এবং কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বন্ডের সুদহার।

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক দীর্ঘ প্রবন্ধে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমানোর আহ্বান জানান। এআইয়ের অপব্যবহারের আশঙ্কা বাড়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান। এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও আমোদেইয়ের সঙ্গে একমত হয়েছেন।

অল্টম্যান আরও জানিয়েছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ বছর ওপেনএআইকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হবে না।

চিপ কোম্পানির শেয়ারে বড় পতন

যুক্তরাষ্ট্রের প্রধান প্রযুক্তি সূচক নাসডাক-১০০ সোমবার দিনের শুরুতে ১ দশমিক ২ শতাংশ কমে ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিনশেষে সূচকটি ০ দশমিক ৪ শতাংশ কম ছিল। এআই খাতের উত্থানে নেতৃত্ব দেওয়া চিপ কোম্পানিগুলোর শেয়ারে সবচেয়ে বেশি পতন দেখা যায়।

ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ৫ দশমিক ২ শতাংশ কমেছে। এনভিডিয়ার শেয়ার কমেছে ৩ শতাংশ, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ৪ দশমিক ৫ শতাংশ এবং মাইক্রন ৫ দশমিক ৪ শতাংশ।

সেমিকন্ডাক্টর সরঞ্জাম নির্মাতা ল্যাম রিসার্চ ও অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লুম এনার্জির শেয়ারও ৬ শতাংশের বেশি কমেছে।

এর আগে ইউরোপের প্রযুক্তি খাতে ২ দশমিক ২ শতাংশ পতন হয়। এএসএমএলের শেয়ার কমে ৬ শতাংশ। এশিয়ায় সফটব্যাংকের শেয়ারে ১০ শতাংশের বেশি পতন হয়েছে। চিপ নির্মাতা টিএসএমসি ও এসকে হাইনিক্সের শেয়ারও কমেছে।

ইন্টার‌্যাকটিভ ব্রোকার্সের প্রধান বাজার বিশ্লেষক স্টিভ সোসনিক বলেন, এআই খাতে ব্যয় কমানো বা নতুন করে পরিকল্পনা করার পরিস্থিতি তৈরি হলে অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে এর বড় প্রভাব পড়তে পারে। কারণ সাম্প্রতিক সময়ে এআই খাতে ব্যয়ের ওপর ভর করেই বাজারের বড় একটি অংশের উত্থান হয়েছে।

‘ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিতে পারে এআই’

এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ চলতি মাসের শুরুতে আরও বাড়ে। অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন পদত্যাগ করে অভিযোগ করেন, এআইয়ের শীর্ষ কোম্পানিগুলো ‘মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে’।

এর কয়েক দিন পর অ্যানথ্রপিক একটি হুমকি-সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, তাদের ক্লদ এআই মডেল অস্ত্র তৈরি, সাইবার অভিযান, নজরদারি ও প্রতারণাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে।

শনিবার আমোদেই সতর্ক করে বলেন, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এআই এজেন্টগুলো পুরো ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এর ফলে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক সাক্ষাৎকারে বলেন, এআইয়ের কারণে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি যথেষ্ট গুরুতর। এ কারণে এআই কোম্পানি ও সরকারগুলোকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এআই অ্যালাইনমেন্ট অ্যান্ড গভর্ন্যান্সের অধ্যাপক গিলিয়ান হ্যাডফিল্ড বলেন, এসব সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। এআই মডেল এমন কিছু করতে পারে, যা মানুষ চায় না এবং আগে থেকে যথাযথভাবে অনুমানও করতে পারে না—এমন বাস্তব ঝুঁকি রয়েছে।

এদিকে এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতাও উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন বিধিমালার দাবি উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিনেটে এমন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যেখানে এআই কোম্পানিগুলোকে প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রমাণ দিতে হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এআই ও ডেটা সেন্টার নিয়ে উদ্বেগকে ‘অসুস্থ ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন।

এআই বিনিয়োগ কি থামবে?

২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকেই এআই-সংশ্লিষ্ট বিনিয়োগ বিশ্ব শেয়ারবাজারের উত্থানে বড় ভূমিকা রেখেছে। তবে সম্প্রতি এআই এজেন্টের সাইবার হামলা এবং ডেটা সেন্টার নির্মাণ নিয়ে জনঅসন্তোষ প্রযুক্তি খাতের সম্প্রসারণের বিরুদ্ধে চাপ বাড়িয়েছে।

এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এআই নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত গ্লোবাল টাইমস অ্যানথ্রপিকের সতর্কবার্তার সমালোচনা করে একে চীনের প্রযুক্তিগত উন্নয়ন ঠেকানোর ‘স্নায়ুযুদ্ধের কৌশল’ হিসেবে অভিহিত করেছে।

অন্যদিকে ওপেনএআই ও অ্যানথ্রপিকের জন্য চীনের তুলনামূলক কম খরচের এআই মডেলগুলোও নতুন প্রতিযোগিতা তৈরি করছে। মুনশট এআইয়ের কিমি কে৩, আলিবাবার কিউয়েন এবং ডিপসিকের মডেলগুলো বড় ও ব্যয়বহুল এআই মডেলগুলোর মূল্য নির্ধারণে চাপ তৈরি করতে পারে।

তবে সবাই এআই নিয়ে দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না। ২০০৮ সালের আর্থিক সংকটের আগে যুক্তরাষ্ট্রের আবাসনবাজারে পতনের পূর্বাভাস দিয়ে পরিচিত বিনিয়োগকারী মাইকেল বারি অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সতর্কতাকে ‘বাড়াবাড়ি’ এবং ‘নিয়ন্ত্রণহীন প্রবৃদ্ধির গতি কমার বিষয়টি আড়াল করার কৌশল’ বলে মন্তব্য করেছেন।

মর্গান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এআই খাতে বিনিয়োগ ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ডয়চে ব্যাংকও বলেছে, কোম্পানি ও দেশগুলোর মধ্যে এআই প্রতিযোগিতা তীব্র থাকায় প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে যাওয়ার সময় কোনো প্রতিষ্ঠান স্বেচ্ছায় পিছিয়ে যাবে—এমনটা ভাবা কঠিন।

এদিকে অ্যানথ্রপিকের সম্ভাব্য পুঁজিবাজারে অভিষেকের প্রস্তুতি এগিয়ে চলছে। রয়টার্স জানিয়েছে, কোম্পানিটি আগামী মাসে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে এবং এনভিডিয়াকে প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্ত করার বিষয়ে আলোচনা করছে।

সূত্রঃ রয়টার্স 


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  এআই   প্রযুক্তি শেয়ারে ধস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close