ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেটা এআই ব্যবহারে বাড়তি সুবিধা দিতে ‘মেটা ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা। ব্যক্তি ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ের জন্য আলাদা পরিকল্পনার এই সেবায় বাড়তি আত্মপ্রকাশের সুবিধার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগও থাকছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেটা এই তথ্য নিশ্চিত করেছে।
মেটা জানিয়েছে, তাদের অ্যাপগুলোর মূল সেবা এবং মেটা এআইয়ের সাধারণ ব্যবহার আগের মতোই বিনা মূল্যে থাকবে। তবে সাবস্ক্রিপশনের মাধ্যমে বিশেষ কিছু ফিচার এবং তুলনামূলক বেশি এআই ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুরুতে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেটা এআই মিলিয়ে ৫০টির বেশি সুবিধা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এডিটস ও এআই স্মার্ট গ্লাসসহ আরও পণ্যে এসব সুবিধা যুক্ত করা হবে।
ব্যক্তি ব্যবহারকারীদের জন্য
মেটা ওয়ানের আওতায় একক অ্যাপের জন্য তিনটি সাবস্ক্রিপশন রয়েছে।
ইনস্টাগ্রাম প্লাস—৩.৯৯ ডলার/মাস
ডাইরেক্ট মেসেজ (ডিএম) ও স্টোরিতে কাস্টম ফন্ট, নির্দিষ্ট ব্যক্তি স্টোরি দেখলে নোটিফিকেশন এবং ডিএম প্রিভিউসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ প্লাস—২.৯৯ ডলার/মাস
বিশেষ থিম ও আইকন, স্পেশাল ইফেক্ট স্টিকার, আরও বেশি চ্যাট পিন করার সুবিধাসহ ব্যবহারকারীর অভিজ্ঞতা ব্যক্তিগতকরণের বিভিন্ন সুযোগ থাকবে। চ্যাট ও মিডিয়া ব্যাকআপের জন্য বাড়তি স্টোরেজ এবং ‘ফোকাস শিডিউল’ ফিচারও পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
ফেসবুক প্লাস—৩.৯৯ ডলার/মাস
কাস্টম অ্যাপ আইকন, মেসেঞ্জারে অতিরিক্ত কাস্টমাইজেশন, রিলসের বাড়তি ইনসাইট এবং রিলস ও ফিড পোস্টে ‘সুপার হার্টস’সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
এআই ব্যবহারকারীদের জন্য বান্ডেল
একাধিক সেবার সুবিধা একসঙ্গে দিতে ‘কোর’ ও ‘প্রিমিয়াম’ নামে দুটি বান্ডেল পরিকল্পনা রয়েছে।
কোর—৭.৯৯ ডলার/মাস
ইনস্টাগ্রামে আরও বেশি স্টোরি ‘রেস্টাইল’, ভয়েস ইফেক্ট ও অন্যান্য সৃজনশীল এআই টুল ব্যবহারের সুযোগ থাকবে। মেটা এআইয়ের মাধ্যমে আরও বেশি ছবি ও ভিডিও তৈরি করা যাবে। পাশাপাশি ইনস্টাগ্রাম প্লাস, হোয়াটসঅ্যাপ প্লাস ও ফেসবুক প্লাসের সুবিধাগুলোও পাওয়া যাবে।
প্রিমিয়াম—১৯.৯৯ ডলার/মাস
কোর প্ল্যানের সব সুবিধার পাশাপাশি মেটা এআই এবং মেটার বিভিন্ন অ্যাপে কনটেন্ট তৈরির জন্য আরও বেশি ব্যবহারের সুযোগ থাকবে।
মেটার ভাষ্য, সাধারণ দৈনন্দিন ব্যবহারের জন্য মেটা এআই আগের মতোই বিনা মূল্যে থাকবে। তবে যারা এআইয়ের মাধ্যমে বেশি ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট তৈরি করতে চান, তাঁদের জন্য কোর ও প্রিমিয়াম পরিকল্পনা করা হয়েছে।
ক্রিয়েটর ও ব্যবসায়ের জন্য
কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসার জন্য মেটা ওয়ানে আরও পেশাদার টুল যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি ব্যবস্থাপনা, কনটেন্ট তৈরি ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের সুবিধা এক জায়গা থেকে ব্যবহারের সুযোগ থাকবে।
এসেনশিয়াল—শুরু ১৪.৯৯ ডলার/মাস
প্রোফাইলে ওয়েবসাইট, অবস্থান ও ব্যবহারকারীদের মতামত তুলে ধরার সুবিধা, রিলসে দৃশ্যমান ফলো বাটন এবং কনটেন্টে আগ্রহ দেখানো ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে ফলো আমন্ত্রণ পাঠানোর সুবিধা থাকবে। এ ছাড়া ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ভেরিফায়েড চ্যানেল ও নকল পরিচয় ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হবে। গ্রাহকদের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য মেটা বিজনেস এজেন্ট ব্যবহারের সুযোগও থাকবে।
অ্যাডভান্সড—শুরু ৪৯.৯৯ ডলার/মাস
৩০ দিন আগে পর্যন্ত স্টোরি শিডিউল, অর্গানিক পোস্ট ও রিলসে লিংক যুক্ত করা, ডাউনলোডযোগ্য অ্যানালিটিক্স, আরও বিস্তারিত অডিয়েন্স ইনসাইট এবং পাসওয়ার্ড শেয়ার না করেই টিম সদস্যদের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপে আরও বেশি লিঙ্কড ডিভাইস ও বিজনেস ব্রডকাস্ট ক্রেডিটের সুবিধাও পাওয়া যাবে।
এক্সপার্ট—শুরু ১৪৯ ডলার/মাস এবং ম্যাক্স—শুরু ৪৯৯ ডলার/মাস
বড় টিম ও ব্যবসার জন্য সর্বোচ্চ পর্যায়ের ফিচার এবং মেটা বিজনেস এজেন্ট ব্যবহারের সক্ষমতা দেওয়া হবে।
মেটা জানিয়েছে, ‘মেটা ওয়ান’ সেবাগুলো বিশ্বব্যাপী চালু করা হয়েছে। তবে অঞ্চল, অ্যাপ ও অ্যাকাউন্টভেদে পরিকল্পনা, সুবিধা, মূল্য ও প্রাপ্যতায় পার্থক্য থাকতে পারে।
কেকে/সাশ