মধ্যরাতে রাজধানীর বিভিন্ন ছাপাখানা পরিদর্শন করে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা পাঠ্যবইয়ের গুণগত মান যাচাই করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর হঠাৎ করেই রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনের সময় পাঠ্যবই ছাপার বিভিন্ন ধাপ সরেজমিনে দেখেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে বই ছাপায় ব্যবহৃত কাগজের মান, মুদ্রণের গুণগত মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করেন তিনি।
বই ছাপার কাজে ব্যবহৃত কাগজ, মুদ্রণের মান ও বইয়ের সামগ্রিক গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছেও জানতে চান মন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপানো হয়। এসব বইয়ের কাগজ ও ছাপার মান নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
সম্প্রতি বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের ছাপার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে রাতে ছাপাখানাগুলোতে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য বই ছাপার ক্ষেত্রে নির্ধারিত মান ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় রাখা প্রয়োজন।
তারা আরও জানান, পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্ধারিত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
মধ্যরাতে শিক্ষামন্ত্রীর ছাপাখানা পরিদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠ্যবইয়ের মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
কেকে/ এমএস