দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং চারটি ভ্যালীর কার্যকরী পরিষদের নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে বাছাই নির্বাচন কমিশন-২০২৬ এবং মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।
শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাছাই নির্বাচন কমিশন-২০২৬’-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনী বিধিমালা-২০২৬’-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজু গোয়ালা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে নিপেন পাল মোরগ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত যারা
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন কালোয়ার। সহসভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক পদে সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে সনত গোয়ালা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী বিধিমালা-২০২৬’-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দেশের সাতটি ভ্যালী কমিটি ও ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের ১৩৫ চা বাগানে ফল প্রকাশ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার ১৩৫টি চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব বাগানের সভাপতি পদের ফলাফলও প্রকাশ করা হয়েছে। কয়েকটি বাগানে প্যানেল সভাপতি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আবার কিছু বাগানে প্রার্থীদের সমান ভোট পাওয়ার ঘটনাও ঘটেছে।
চার ভ্যালীর নেতৃত্বে যারা
জুড়ী ভ্যালীর সভাপতি নির্বাচিত হয়েছেন সজল বাউরী, নারী সহসভাপতি শ্রীমতি বাউরী এবং সম্পাদক সকুল গোয়ালা।
বালিশিরা ভ্যালীর সভাপতি হয়েছেন মহেশ্বর দাস, নারী সহসভাপতি রীতা, সম্পাদক নরতম তাঁতী এবং সাংগঠনিক সম্পাদক স্বপন সাঁওতাল।
মনু-দলই ভ্যালীর সভাপতি নির্বাচিত হয়েছেন সীতারাম বীন, নারী সহসভাপতি গৌরী রানী কৈরী এবং সম্পাদক দুলাল ছত্রী।
অন্যদিকে লংলা ভ্যালীর সভাপতি হয়েছেন দীপংকর ঘোষ, নারী সহসভাপতি ঝুমু ভৌমিক এবং সম্পাদক বিশ্বজিৎ দাশ।
আট বছর পর নির্বাচন, শ্রমিকদের নতুন প্রত্যাশা
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।
দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিকের ভোট দেওয়ার কথা ছিল।
নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালী থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের কাছে শ্রমিকদের প্রত্যাশা, মজুরি বৃদ্ধি, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং জীবনমান উন্নয়নে নবনির্বাচিত নেতারা কার্যকর ভূমিকা রাখবেন।
কেকে/ এসএমএন