দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট শেষে শুরু হয়েছে গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও শ্রমিকেরা।
মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার চা বাগানগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, সাতটি ভ্যালি নির্বাহী কমিটি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছবি : প্রতিনিধি
মৌলভীবাজারে ভোটার ৬০ হাজারের বেশি : মৌলভীবাজার জেলায় ১৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এখানে মোট ভোটার ৬০ হাজার ৪৮৭ জন। জেলার চারটি ভ্যালির অধীনে রয়েছে ১৫৭টি চা বাগান ও পঞ্চায়েত। ভ্যালি পর্যায়ে নয়টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাগান পর্যায়ে ৩৫৭টি পঞ্চায়েত প্যানেলের মধ্যে ১৬টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এ ছাড়া কমলগঞ্জে ১৪ হাজার ৪৩৫, কুলাউড়ায় ৮ হাজার ৬৫৬, জুড়ীতে ৭ হাজার ৮৪৯, রাজনগরে ৫ হাজার ৭৫২, বড়লেখায় ৩ হাজার ৮১৭ এবং মৌলভীবাজার সদরে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ : মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, জেলার ১৩৫টি কেন্দ্রে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান সন্ধ্যা ৭টায় জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে গণনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করেছে। কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন যারা : কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি পদে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা। অন্যদিকে সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপেন পাল, মুকেশ কর্মকার ও পরেশ কালেন্দি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।