রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় রিকশাচালকদের পরিচয় যাচাই ও অপরাধী শনাক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে এসআরবি-২। অভিযানে এলাকার পাঁচটি রিকশা গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে গ্যারেজ মালিকদের অধীনস্থ সব রিকশাচালকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে এসআরবি-২’-এর কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-২’-এর আভিযানিক দল রায়েরবাজার এলাকার বিভিন্ন রিকশা গ্যারেজে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-২’-এর নিজস্ব গোয়েন্দা তথ্যের বরাতে জানানো হয়, রাজধানীতে রিকশাচালকের ছদ্মবেশে এক শ্রেণির অপরাধী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা রাজধানীর আবাসিক হোটেল ও রিকশা গ্যারেজে আত্মগোপন করছে।
অভিযানের অংশ হিসেবে রায়েরবাজার এলাকার পাঁচটি রিকশা গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ চালকের পরিচয় যাচাই এবং ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে (সিডিএমএস) তথ্য অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পিসিপিআর যাচাইয়ের জন্য গ্যারেজ মালিকদের দ্রুত তাদের অধীনস্থ সব চালকের এনআইডি কার্ডের কপি এসআরবি-২’- কার্যালয়ে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআরবি-২ জানিয়েছে, এ অভিযানের উদ্দেশ্য রিকশাচালকদের হয়রানি করা নয়। বরং রিকশাচালকের ছদ্মবেশে থাকা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের লক্ষ্য।
এনআইডির মাধ্যমে চালকদের পিসিপিআর যাচাই-বাছাই শেষে কেউ অপরাধী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-২-এর এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এমএ