ডিপ্লোমা প্রকৌশলীদের প্রচলিত শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অধিকার অক্ষুণ্ন রাখা, প্রকৌশল শিক্ষায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)।
সংগঠনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে সরকারি নিয়োগবিধি অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে। একই সঙ্গে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এক শিক্ষককে লাঞ্ছিত ও ১৪ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কারিগরি শিক্ষা, শিল্প, বিদ্যুৎ ও অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে সাম্প্রতিক সময়ে নিয়োগ, শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রকে ঘিরে বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রচলিত যোগ্যতা সংরক্ষণ না করে উচ্চতর প্রকৌশল ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সরকারি নিয়োগবিধি অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানায় সংগঠনটি।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সহযোগী অধ্যাপক রাবেয়া আক্তারকে লাঞ্ছিত এবং ১৪ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এনডিইএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রচলিত শিক্ষাগত যোগ্যতা, পদ ও সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রাখার দাবি জানানো হয়। নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা এবং পেশাগত যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করারও আহ্বান জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পেশাগত সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিতে হবে।
দাবি বাস্তবায়ন না হলে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরার কথা জানিয়েছে এনডিইএ।
কেকে/সাশ